CAA-তে আবেদন না করলে বন্ধ হতে পারে রেশন! বড় বয়ান খোদ খাদ্যমন্ত্রীর

Published:

Ashok Kirtania

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পালাবদল হতেই একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিয়েই চলেছে বিজেপি সরকার। এদিকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরেই খাদ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। জুন মাস থেকে রেশনেও (Ration) যে পরিবর্তন হতে চলেছে, তাও জানিয়েছিলেন। এমতাবস্থায় রেশন ব্যবস্থা (Rationing) চালু রাখা নিয়ে বড় আপডেট দিলেন খাদ্যমন্ত্রী

সাংবাদিক বৈঠক খাদ্যমন্ত্রীর

আজ, শনিবার, বনগাঁয় সাংবাদিক বৈঠক করেছিলেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানেই তিনি রেশন পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয়ে জানান যে, “SIR-এ নাম বাদ গেলে মিলবে না কোনও সরকারি সুবিধা। মিলবে না রেশন, বাতিল হবে রেশন কার্ডও। একমাত্র ট্রাইব্যুনাল ও CAA-তে আবেদন করলে পরিষেবা সচল থাকবে। পাশাপাশি CAA-তে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা।”

জুন থেকেই মিলবে ভালো রেশন

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরেই খাদ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আগামী জুন মাস থেকে রেশনেও যে পরিবর্তন হতে চলেছে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “আমি পশ্চিমবঙ্গের খেটে খাওয়া সাধারণ মানুষের উদ্দেশে বলছি, আপনার গত ১৫ বছরে যে খাবার পেয়েছেন, তা খাওয়ার অযোগ্য ছিল। আমি নিজের এলাকাতেও দেখেছি। রেশন ডিলাররা, হোলসেলাররা অনিয়মের কারণে অনেকেই রেশন না নিয়ে, টাকা নিয়ে চলে যেতেন। এবার এগুলো আর চলবে না। কোয়ালিটির সঙ্গে আর আপোষ করা হবে না।

আরও পড়ুন: একটু পরেই আবহাওয়া বদল, কলকাতা সহ ৮ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

তৃণমূল সরকারের আমলে খাদ্য দপ্তরের আর্থিক দুর্নীতির বিষয়েও করা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন, “খুব শিগগিরই খাদ্য দপ্তরের আর্থিক দুর্নীতির ফাইল খোলা হবে। আগের মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। চেষ্টা করলে দুর্নীতি রোধ করা যাবেই। আমাকে একটু সময় দিতে হবে। বড় চক্র রয়েছে।” তিনি আরও জানান, “আমি হঠাৎ করে কখন কোথায় যাব, আধিকারিকদের জানিয়ে যাব না। সরকার ভরসা করে দায়িত্ব দিয়েছে। সেই ভরসা আমি রাখব। এক টাকার দুর্নীতিও আর বরদাস্ত করা হবে না।”