‘ডবল ইঞ্জিন’-র সুফল, বাংলার নয়া সরকারের পাশে দাঁড়ানোর বার্তা শিল্পমহলের

Published:

Government of West Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় গঠিত হয়েছে নতুন সরকার (Government of West Bengal)। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রীর কুর্সিতে শুভেন্দু অধিকারী। এদিকে নতুন সরকার গঠন হওয়ার পাশাপাশি একাধিক মহল আশায় বুক বেঁধেছেন। অনেকে আশাবাদী, এবার হয়তো সব কাজ হবে। বিশেষ করে নতুন সরকারের গঠনের সঙ্গে সঙ্গে বিশেষ বার্তা দিতে শোনা গেল শিল্পমহলকে।

নতুন সরকার নিয়ে আশাবাদী শিল্পমহল!

নতুন সরকার গঠনের পাশাপাশি এবার দেশের শিল্প মানচিত্রে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। আর সেই লক্ষ্যে সরকার যে কাজ করবে সেটা আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন বাংলার শিল্পকর্তারা। আর এই কাজ করতে যা যা করা দরকার, যতদূর যেতে হবে সবকিছু করতে রাজি বলে এক বিশেষ বৈঠকে জানান্ন শিল্পপতিরা।

আরও পড়ুনঃ উদ্ধার করেছিল CBI, সরকার বদলাতেই OMR শিটের প্রতিলিপি প্রকাশ্যে আনল SSC

আসলে গতকাল শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া থেকে শুরু করে এন জি খেতান, পি আর আগরওয়াল, পবন পোদ্দার, সঞ্জয় বুধিয়া প্রমুখ এবং বিভিন্ন বণিকসভার কর্তারা। সেখানে কেন্দ্র ও রাজ‍্যে এক দলের সরকার থাকায় বাংলাই উপকৃত হবে বলেও তাঁদের দাবি।

বিশেষ বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

বাংলা যে আগামী দিনে এগিয়ে যাবে নতুন সরকারের হাত ধরে সে বিষয়ে আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা। দিলেন বিশেষ বার্তাও। এই শিল্পপতি জানান, নতুন মুখ‍্যমন্ত্রীর কাছ থেকে রাজ‍্যের অনেক প্রত‍্যাশা রয়েছে। অন্যদিকে আইটিসি চেয়ারম‍্যান সঞ্জীব পুরীর বার্তা, ‘বিকশিত ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি হবে বলেই আশা। আর তাতে গত কয়েক দশকের মতো আগামী দিনেও শামিল হবে আইটিসি।’ হর্ষ নেওটিয়া জানান, ‘কেন্দ্র ও রাজ‍্যে একই শাসক থাকায় উন্নতি হবে। আশা করি নতুন মুখ্যমন্ত্রী বাংলাকে আরও উঁচুতে নিয়ে ‍যাবেন।’