৭৬% দাম বাড়ল পেঁয়াজের, পরিস্থিতি সামলাতে বড় ঘোষণা সরকারের

Published:

Onion Price

সহেলি মিত্র, কলকাতাঃ মধ্যবিত্তের হেঁশেলে যেন আগুন লেগে গিয়েছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা ছুঁইছুঁই। এদিকে তেল থেকে শুরু করে গুর, চিনির দাম হু হু করে বেড়েই চলেছে। এখন সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম (Onion Price Hike)-ও। কাটবে কী, তার আগে বাজারে কিনতে গিয়ে সকলকে কাঁদাচ্ছে পেয়াজ। রীতিমতো মাথায় হাত পড়েছে আমজনতার। কবে এই দাম কমবে, আদৌ কমবে কিনা, এখন তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও দাম বাড়ল পেঁয়াজের

পেঁয়াজের যে হারে দাম বাড়ছে তাতে করে রান্নায়, স্যালাডে দেওয়া ভুলতে হবে যেন মধ্যবিত্তকে। গত এক মাসে দেশের অনেক অংশে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। শনিবার এর গড় দাম প্রতি কেজি ৪২ টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪৫% এবং গত মাসের তুলনায় ১৯% বেশি। উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি ৬৫ টাকায় পৌঁছেছে, যেখানে এক বছর আগে তা ছিল ৩৫ টাকা। একইভাবে, চেন্নাইতে পেঁয়াজ প্রতি কেজি ৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত বছর তা ছিল ৩৩ টাকা। কেরালা ও আসামের কিছু অংশেও পেঁয়াজের দাম বেশি।

আরও পড়ুনঃ রেকর্ড উচ্চতায় দেশের মুদ্রাস্ফীতি, ফের রেপো রেট বাড়াতে পারে RBI

গত এক মাসে নাসিকে দেশের বৃহত্তম পেঁয়াজের বাজারে দাম ৭৬ শতাংশ বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ার পেছনে একাধিক কারণ উল্লেখ করা হচ্ছে। অনিশ্চিত বর্ষার কারণে বীজ বপনে বিলম্ব, সরবরাহের ঘাটতি এবং সরকারি ক্রয় কমে যাওয়া এই সব কারণই পেঁয়াজের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। মজুতদাররা এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

‘কান্দা এক্সপ্রেস’ চালু সরকারের

পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার তার মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে কেন্দ্রীয় সরকার নাসিক থেকে দিল্লি, চেন্নাই, কোচি এবং গুয়াহাটি পর্যন্ত ‘কান্দা এক্সপ্রেস’ (মহারাষ্ট্রে পেঁয়াজকে কান্দা বলে) চালাবে। এই এলাকাগুলিতে পেঁয়াজের দাম জাতীয় গড়ের চেয়ে বেশি। সরকারি কর্মকর্তারা বলছেন, এর ফলে পেঁয়াজ কম দামে পাওয়া যাবে। আগামী মাসগুলোতে পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য সরকার ও কৃষক উভয়ের কাছেই পর্যাপ্ত মজুত রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে খরিফ পেঁয়াজ উৎপাদন ৫-৭ শতাংশ কমে যাওয়ার খবরের কারণে দাম বেড়েছে।

google button