বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সোমবার সকাল সকাল শেয়ারবাজার (Stock Market) খুলতেই 1600 পয়েন্টেরও বেশি পড়েছিল সেনসেক্স। ধাক্কা খেয়েছিল নিফটি50-ও। কমবেশি প্রত্যেক সেক্টরই শেয়ার বাজারের ধসের প্রভাব ভোগ করেছে। তবে মাঝে একদিন কাটিয়ে আজ বুধবার মাথা তুলে দাঁড়িয়েছে ভারতীয় শেয়ারবাজার (Stock Market Hike)। বুধবার সকাল হতেই 1400 পয়েন্ট বেড়েছে সেনসেক্স। নিফটি50 তেও 400 পয়েন্টেরও বেশি বৃদ্ধি দেখিয়েছে। যার কারণে 9 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে বিনিয়োগকারীদের। দাম বেড়েছে সোনা, রুপোরও। কিন্তু ঠিক কোন কোন কারণে হঠাৎ ফের চাঙ্গা হল ভারতীয় শেয়ার বাজার? রইল 5 বড় কারণ।
এই 5 কারণে ফের চাঙ্গা হল শেয়ারবাজার
প্রথম কারণ
পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যেকার আলোচনা ভেস্তে গেলেও এই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই ইরানের সাথে ফের আলোচনায় বসবে আমেরিকা। জ্বালানি সংকটে জর্জরিত বিশ্ব বাজারে যা অত্যন্ত সুসংবাদ। বলা চলে, আমেরিকায় এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার খবর প্রকাশ্যে আসতেই চাঙ্গা হয়েছে বাজার।
দ্বিতীয় কারণ
বুধবার গোটা বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে। এদিন ব্রেন্ট অয়েলের দাম ব্যারেল প্রতি 95 ডলারের নিচে নেমে গিয়েছে। এই মুহূর্তে বিশ্ব বাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল 94 ডলারে। কমবেশি সকলেই জানেন, অপরিশোধিত তেলের দাম কমে গেলে শেয়ার বাজারে জোয়ার আসে। একই সাথে বাড়ে সোনা এবং রুপোর দাম। বুধবারও সেটাই হয়েছে।
তৃতীয় কারণ
ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে গোটা বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বুধবার নতুন করে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF রিপোর্ট প্রকাশ করে জানিয়ে দিয়েছে উত্তেজনা সত্ত্বেও 2026 সালে ভারতের অর্থনীতি 6.5 শতাংশ হারে বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার তাদের গ্লোবাল ইকোনমিক আউটলুক প্রতিবেদনে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দেখিয়েছে। আর সে কারণেই চাঙ্গা হয়েছে বাজার।
চতুর্থ কারণ
এশিয়া থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সব বাজারই আজ বেশ চনমনে। এর মধ্যেই জাপানের নিককেই এক শতাংশ এবং কোরিয়ার কোম্পি তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।
অবশ্যই পড়ুন: ইতিহাস গড়ে সঞ্জু স্যামসনের মুকুটে নয়া পালক, প্লেয়ার অফ দ্য মান্থ বাছল ICC
পঞ্চম কারণ
সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে ভারতীয় রুপি। বুধবারও মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম 12 পয়সা বেড়ে এক ডলারের বিপরীতে দাঁড়িয়েছে 93 টাকা 23 পয়সায়। যার কারণে শেয়ার বাজারেও উত্থান দেখা গেল।










