সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম’ পুরস্কার (Padma Awards 2026) প্রদানকে কেন্দ্র করে দিল্লির রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছিল আজ। শিল্প, সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান, সমাজসেবা বা ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের সেরা কৃতি সন্তানদের হাতে এদিন সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেখানেই বাঙালি হিসেবে নিজের নাম উজ্জ্বল করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আসলে এবার ভারত সরকারের পক্ষ থেকে মোট ১৩১টি ‘পদ্ম’ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান ছিল। দেখে নিন তালিকা।
পদ্মবিভূষণ পেলেন হিন্দি সিনেমার ধর্মেন্দ্র
তালিকার একেবারে শীর্ষে রয়েছেন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কালজয়ী মহাতারকা তথা হিন্দি সিনেমার প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র সিং। ‘শোলে’, ‘চুপকে চুপকে’ বা ‘ফুল অউর পাত্থর’ এর মতো ছবির জন্য এই কিংবদন্তী অভিনেতাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরেই ভারতীয় সিনেমার ধারাকে সমৃদ্ধ করার জন্য দেশের পক্ষ থেকে তাঁর এই সর্বোচ্চ সম্মান।
বাঙালির গর্ব বুম্বাদা
তবে বাঙালি দর্শকদের জন্য এবছর ‘পদ্ম’ পুরস্কারের মঞ্চটি অত্যন্ত গর্বের এবং আনন্দের ছিল। কারণ, টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদাকে চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। পাঁচ দশকের বেশি সময় ধরে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রের রূপরেখা একেবারে বদলে দিয়েছেন। আর এই সম্মান পাওয়ার পর বাংলার শিল্পমহল থেকে শুরু করে তাঁর অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার বইছে।
পাশাপাশি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-র চকোলেট বয় ‘ম্যাডি’ থেকে শুরু করে হালফিলের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এর পরিচালক এবং অভিনেতা আর মাধবনকে এবার পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। ২০২৩ সালে ‘রকেট্রি’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।
আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও শক্তিশালী ভারতীয় রুপি, টাকার প্রত্যাবর্তনের কারণ কী?
পদ্মভূষণে ভূষিত আলকা ইয়াগনিক ও মামুট্টি
এবছর পদ্মভূষণ তালিকায় বিনোদন জগত থেকে আরও দুটি অত্যন্ত জনপ্রিয় নাম রাখা হয়েছে। প্রথমত, ৯০ এবং ২০০০ এর দশকের হিন্দি প্লেব্যাক সিংগারের রানী আলকা ইয়াগনিককে সংগীত জগতে তাঁর দীর্ঘ এবং অনবদ্য অবদানের জন্য পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি মালায়ালাম সিনেমার জীবন্ত কিংবদন্তি মহাতারকা মামুট্টিকে তাঁর দীর্ঘ চার দশকের অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবেও পদ্মভূষণ দেওয়া হয়েছে।










