প্রীতি পোদ্দার, কলকাতা: সাময়িক আনন্দ উপভোগ করার জন্য ফের শিক্ষাঙ্গণে ‘অপসংস্কৃতি’। NIT দুর্গাপুরে (NIT Durgapur) কলেজে নবীনবরণ অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে অংশগ্রহণকারী ছাত্রীদের আপত্তিকর নাচ দেখে বেজায় চটলেন অধ্যাপিকা। মাঝপথেই বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল ভিডিও (Viral Video)। আর এই শিক্ষা সংস্কৃতি নিয়ে ফের বিতর্ক বাঁধল।
নবীনবরণ অনুষ্ঠানে চটুল হিন্দি গানে নাচ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী NIT দুর্গাপুরের একদল শিক্ষার্থী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘চিকনি চামেলি’ গানের সাথে সকলের সামনে নৃত্য পরিবেশন করছিল এবং তাদের সহপাঠীরা অডিটোরিয়াম থেকে উৎসাহ দিচ্ছিল। কিন্তু মাঝপথেই একজন অধ্যাপিকা অংশগ্রহণকারীদের ধমক দিয়ে ওঠেন এবং অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। তিনি প্রশ্ন করেন, এই গানে নাচের জন্য তারা কোনো অনুমোদন পেয়েছেন কি না। আর এই ঘটনায় গোটা অডিটোরিয়াম জুড়ে রীতিমত থমথমে পরিবেশ তৈরি হয়। আর সেই ভিডিওই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়।
ব্যাপক শোরগোল সোশ্যাল মিডিয়ায়
এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় NIT দুর্গাপুরের কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, নবীনবরণ অনুষ্ঠানে প্রায়শই বিনোদনমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। শিক্ষার্থীরা আসলে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন সহপাঠীদের সাথে আলাপচারিতা বাড়ে ঠিক তেমনই আবার সকলের সামনে ছাত্র-ছাত্রীদের প্রতিভা প্রদর্শিত হয়। কিন্তু এই ধরনের গান নিয়ে নৃত্য পরিবেশন একদমই কাম্য নয় বলেই জানিয়েছে নেটিজেনরা।
আরও পড়ুন: নবী দিবসে বাংলায় উড়ল প্যালেস্তাইনের পতাকা! FIR ও কড়া পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর
এর আগেও, বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে অশ্লীল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষে এমন অনেক দৃশ্য দেখা যায় স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার কম কটাক্ষ হয় না। প্রশ্ন ওঠে এই সকল গাবে এইরূপ নৃত্য পরিবেশন করার পারমিশন কীভাবে দেয় অধ্যাপকেরা। যদিও বেশিরভাগ ক্ষেত্রে কয়েকজন অধ্যাপককে এই অপসংস্কৃতি নিয়ে প্রতিবাদ করতে দেখা গেলেও অনেকে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে নষ্ট না হয় তার জন্য নানা সাফাই দেয়।










