‘শয়তানের মৃত্যু…’ নানা পাটেকরের প্রয়াণে প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের

Published:

nana tanushree

আনিষা চৌধুরী, কলকাতা: নানা পাটেকরের (Nana Patekar) মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই ঘটনায় কী প্রতিক্রিয়া অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanushree Dutta)? কারণ ২০১৮ সালের ‘মিটু’ আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। সেই পুরনো বিতর্ককে স্মৃতিতে রেখেই অভিনেতার মৃত্যুর পর মুখ খুললেন তিনি। কী বললেন অভিনেত্রী?

“শয়তানের মৃত্যু…”

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তনুশ্রী জানান, নানা পাটেকরের মৃত্যুর খবর তাঁর কাছে অজানা নয়। তবে এই মুহূর্তে তাঁর কাজের ব্যস্ততাও রয়েছে। লখনউয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। তাই আপাতত সেই কাজেই মন দিতে চান বলে জানান অভিনেত্রী। এর মাঝে এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না তনুশ্রী।

তনুশ্রীর কথায়, “আমি খবরটা শুনেছি। আজ আমার কাজের দিন। আমি একটি অনুষ্ঠানের জন্য লখনউ যাচ্ছি এবং আমি সেটাতেই মন দিতে চাই।” এরপরই নিজের জীবন এবং বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “কী অদ্ভুত একটা দিনে এসব ঘটল! আমার গোটা দিনটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল। আমি লাইভ করব, কনটেন্ট পোস্ট করব, এমন অনেক কিছুই ঠিক করে রেখেছিলাম।”

তবে তিনি তাঁর বক্তব্যে মৃত্যুর বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। তনুশ্রী বলেন, “এখন আমি ভাবছি, সন্ধ্যায় সমস্ত সংবাদমাধ্যমের আগ্রহের বিষয় হয়ে উঠবে এই ‘ইভিল ডেড’।” এরপর তিনি স্পষ্ট করে জানান, না ভেবেচিন্তে কিছু বলতে চান না তিনি। তাঁর কথায়, “আমার কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত, সেটা একবার বুঝে নিয়ে তারপর আমার প্রতিক্রিয়া দেব।” তবে এসবের মাঝেই প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবির শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। ২০১৮ সালে সেই ঘটনা নিয়ে ফের প্রকাশ্যে মুখ খোলেন তিনি, যা ভারতে ‘মিটু’ আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। নানা পাটেকর অবশ্য তনুশ্রীর অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে ২০১৯ সালে মুম্বই পুলিশ প্রমাণের অভাবে মামলায় বি-সামারি রিপোর্ট জমা দেয়। ২০২৫ সালে মুম্বইয়ের একটি আদালতও অভিযোগটি ওঠে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে মামলাটি দায়ের হয়েছে এই মর্মে ফৌজদারি প্রক্রিয়া এগোয়নি।

আরও পড়ুন: আইন ভেঙে হয়েছে জ্ঞানেশ কুমারদের নিয়োগ? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

নানা পাটেকর বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে প্রয়াত হন। গোয়ায় তাঁর বাড়িতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। তাঁর মৃত্যুর পর বলিউডের একাধিক মহল থেকে অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

google button