আজ থেকে আরও মহার্ঘ্য বিমান যাত্রা , বড় সিদ্ধান্ত নিল Air India ও Akasa Air

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় ধাক্কা খেলেন বিমাণ যাত্রীরা। Air India এবং Air India Express ফুয়েল সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন হার আজ ৯ই অক্টোবর থেকে কার্যকর হবে। এই বৃদ্ধি ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উভয় ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল? চলুন জেনে নিই।

সারচার্জ বৃদ্ধি করল Air India

এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর ক্রমবর্ধমান মূল্যের কারণে Air India এই পরিবর্তন এনেছে। ফলে, যেসব যাত্রী ৯ই অক্টোবর বা তার পরে ফ্লাইট বুক করবেন, তাদের আগের চেয়ে বেশি ফুয়েল সারচার্জ গুনতে হবে। অর্থাৎ আজ থেকে বিমানে ওঠা আরও মহার্ঘ্য হয়ে গেল। এক রিপোর্ট অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার জ্বালানি সারচার্জ বৃদ্ধির ঘোষণা করেছে। সংস্থাগুলো জানিয়েছে যে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব জ্বালানি বাজারের চাপের কারণে সাম্প্রতিক মাসগুলোতে এটিএফ (ATF)-এর দামে উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “জ্বালানির দামের সাম্প্রতিক বৃদ্ধি বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে, এবং বিমান সংস্থাগুলোর মোট খরচের একটি উল্লেখযোগ্য অংশ এখনও জ্বালানি বাবদই ব্যয় হয়।” জানা গিয়েছে, একটি বিমান সংস্থার পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই এটিএফ-এর জন্য খরচ হয়। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে, দূরত্বের ওপর নির্ভর করে নতুন ফুয়েল সারচার্জ ৪০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অঞ্চল ও দেশভেদে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি সারচার্জ ৫৫ থেকে ২১৫ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো তাদের সারচার্জ বাড়ানোর মাত্র কয়েকদিন পরেই জ্বালানি সারচার্জে এই পরিবর্তন এলো।

আরও পড়ুনঃ হাইকোর্টের ডেডলাইন পার, আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মণ

Akasa Air -ও জ্বালানি সারচার্জ বাড়িয়েছে

আকাসা এয়ার ৯ই অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলিতে জ্বালানি সারচার্জ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিমান সংস্থাটি আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও সারচার্জ বাড়িয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। আকাসা এয়ার মার্চ মাসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি সারচার্জ আরোপ করেছিল। পরে অভ্যন্তরীণ ফ্লাইট থেকে তা তুলে নেওয়া হয়। এখন আবার তা চালু করা হচ্ছে। দূরত্বের ওপর নির্ভর করে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য সারচার্জ ৩৭৫ টাকা থেকে ১১৫০ টাকা পর্যন্ত হবে, আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তা হবে ২৫০০ টাকা।

google button