ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল CJP

Published:

CJP In Rajasthan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার রাজস্থানের একটি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন ককরোচ জনতা পার্টির (CJP Protest) যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। আর সেই ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করার দাবি জানিয়ে রাজস্থান সরকারকে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে CJP। শুধু তাই নয়, সে রাজ্যের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ারের পদত্যাগের দাবি জানিয়ে গোটা রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আরশোলারা।

এই শর্ত না মানলেই আন্দোলনে নামবে CJP

গোটা দেশজুড়ে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে স্কুল ঠিক করো অভিযানে নেমেছে ককরোচ জনতা পার্টি। স্বাধীনতা দিবসে CJP প্রধান অভিজিৎ দীপকে নিজের রাজ্য মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এই বিশেষ কর্মসূচি পালন করেন। আর তারপর থেকেই গোটা দেশজুড়ে বিভিন্ন স্কুল পরিদর্শনে যাওয়া শুরু করেছেন ককরোচ জনতা পার্টির নেতা এবং স্বেচ্ছাসেবকরা। সেই কর্মসূচির অধীনেই শুক্রবার রাজস্থানের জয়পুরের অদূরে রাম্পুরা-কানওয়ারপুরা গ্রামে পৌঁছতেই হামলার মুখে পড়েন আশুতোষ।

CJP এর তরফে অভিযোগ, যাঁরা হামলা চালিয়েছেন তাঁরা প্রত্যেকেই স্থানীয় বিজেপি নেতাকর্মী। বেশ কয়েকটি ভিডিও ফুটেজেও আরশোলাদের উপর হামলা চালাতে দেখা গিয়েছে স্থানীয় যুবকদের। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনায় একজনকেও গ্রেফতার করেনি রাজস্থানের পুলিশ। এবার সেই ঘটনায় একেবারে সরাসরি রাজস্থান সরকারকে চ্যালেঞ্জ করে দিল CJP। ANI এর রিপোর্ট অনুযায়ী, আশুতোষদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে CJP।

আরও পড়ুন: জনগণনায় শিক্ষকদের ব্যবহার নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

ককরোচ জনতা পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছে, 48 ঘণ্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে গোটা রাজস্থান জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে আরশোলারা। এ প্রসঙ্গে আশুতোষ রাঙ্কা একেবারে খোলাখুলি জানিয়েছেন, “আমি রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারকে শুধু একটা কথাই বলতে চাই, আপনার হাতে আর 48 ঘন্টা আছে। এই সময়ের মধ্যে গুন্ডাদের গ্রেফতার করতে হবে এবং আপনি যে নির্দেশ দিয়েছেন সেটা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রাজস্থান জুড়ে আমরা বড়সড় আন্দোলনে নামবো। আর এবার এটা শুধু স্কুল নিয়ে হবে না। এবার আমরা শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের পদত্যাগ দাবি করব।”