সহেলি মিত্র, কলকাতা: এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। হাহাকার পরে গিয়েছে বেশিরভাগ মানুষের। এরকম সংঙ্কটপূর্ণ অবস্থায় ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে ৩টি গ্যাস দেওয়ার ঘোষণা করে দিলেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। উৎসবের মরসুমে বিধানসভায় বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরকার দরিদ্র পরিবারগুলিকে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বিনামূল্যে ৩টি LPG দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় বিধানসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ‘অন্নপূর্ণা সুপার সিক্স’ নামে এই প্রকল্পটি ২০২৭ সালের পোঙ্গল থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে, যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, তারা বছরে তিনটি বিনামূল্যে সিলিন্ডার পাবে। সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে। আনুমানিক হিসাব অনুযায়ী, রাজ্য কোষাগার থেকে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন যে, সুবিধাভোগীরা সিলিন্ডার কেনার পর এর মূল্য সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। প্রতি বছর বিনামূল্যে তিনটি সিলিন্ডার সরবরাহ করা হবে।
মহিলাদের ফ্রি বাস পরিষেবার ঘোষণা
বিজয় মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করেছেন। তিনি জানান যে, মহিলারা শুধু সাধারণ বাসেই নয়, এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স বাসেও বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও, ‘ভেট্রি পায়ানা থিট্টাম’ প্রকল্পের অধীনে আন্তঃজেলা বাসেও মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পটি ২ অক্টোবর চালু হবে। মুখ্যমন্ত্রী বিজয় বলেছেন যে, রূপান্তরকামী যাত্রীদেরও বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তগুলিকে রাজ্যের মহিলা এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলির জন্য একটি বড় স্বস্তি হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে বিজয় চেন্নাইয়ের পারান্দুরে প্রস্তাবিত নতুন বিমানবন্দর বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্স চালক থেকে ইসরোর টেকনিশিয়ান, স্বপ্নের উড়ান নদিয়ার দেবজিতের
তিনি বলেছেন যে, সরকার এমন একটি স্থান খুঁজছে যেখানে বিমানবন্দরটি পরিবারগুলোকে প্রভাবিত করবে না। মুখ্যমন্ত্রী বিজয় কৃষকদের কথা উল্লেখ করে বলেছেন যে, তাঁরা দেশের মেরুদণ্ড এবং উন্নয়নের নামে তাঁদের স্বার্থ উপেক্ষা করা যায় না।










