সহেলি মিত্র, কলকাতা: নির্বাচন মিটতেই এবং নতুন মাস অর্থাৎ মে মাসের শুরুতেই বিরাট ঝটকা দিল সরকার। আবারও একবার দাম বাড়ল LPG সিলিন্ডারের (LPG Price)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, আজ ১ মে থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি সরাসরি হোটেল, রেস্তোরাঁ, ধাবা ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করার পাশাপাশি পরোক্ষভাবে সাধারণ মানুষের পকেটেও আঘাত হানবে। ঘরোয়া গ্যাসের দাম কি বাড়ল নাকি কমল? চলুন সেটা বিশদে জেনে নেবেন।
ফের দাম বাড়ল LPG গ্যাসের
নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে একটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ৩০৭১.৫০ টাকা, যা আগে ছিল ২০৭৮.৫০ টাকা। মুম্বাইতে এর দাম বেড়ে হয়েছে ৩০২৪ টাকা, আর কলকাতায় তা পৌঁছেছে ৩২০২ টাকায়। লখনউ, পাটনা, জয়পুর এবং চেন্নাইয়ের মতো শহরগুলিতেও এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে খবর। স্বস্তির বিষয় হলো, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া
বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে হোটেল ও রেস্তোরাঁর খরচ বাড়বে, যা খাদ্যপণ্যের দামকে প্রভাবিত করতে পারে। ফলস্বরূপ, আগামী দিনগুলোতে মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চাপ বাড়বে সাধারণ মানুষের পকেটের ওপর।
আজ থেকে বদলে গেল গ্যাস বুকিং-এর নিয়ম
এদিকে গ্যাস বুকিং-এর নিয়মেও বদল আনা হয়েছে। ১লা মে থেকে গ্যাস সরবরাহের নিয়মকানুনও কঠোর করা হয়েছে। এখন থেকে সিলিন্ডার সরবরাহের সময় গ্রাহকের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, যা অবশ্যই গ্যাস ডেলিভারির সময়ে দেখাতে হবে। এর ফলে প্রতারণামূলক সরবরাহ এবং অনিয়ম প্রতিরোধ করা যাবে।
গত ২৮শে ফেব্রুয়ারি ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে তেল ও গ্যাসের দামে প্রভাব পড়ছে। অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেল প্রতি ১২৩ ডলারে পৌঁছে চার বছরের সর্বোচ্চ রেকর্ড করেছে। তেল কোম্পানিগুলো এখন একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়িয়েছে। এর আগে, ১ এপ্রিল, ২০২৬ দাম ১৯৫ টাকা বাড়ানো হয়েছিল। জানা গেছে, বাণিজ্যিক সিলিন্ডারের দামে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বৃদ্ধি। আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা।










