ড্রোন হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হল ভারতীয় জাহাজ, বরদাস্ত করা হবে না বলল দিল্লি

Published:

Drone Attack On Indian Ship at coast of Oman

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতীয় জাহাজে হামলা। এবার ওমান উপকূলের কাছেই ভারতের পতাকা লাগানো এক বাণিজ্যতরীতে ড্রোন হামলা চালানো হয়েছে (Drone Attack On Indian Ship)। যে ঘটনায়, ভারতীয় জাহাজটি সমুদ্রেই ডুবে গিয়েছে বলে সূত্র মারফত খবর। জানা যায়, হাজি আলি নামক জাহাজটি গুজরাতের। সেটি মূলত সোমালিয়া থেকে শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সূত্রের খবর, একসাথে প্রচুর গবাদি পশু নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। তবে ওমান উপকূলের কাছাকাছি যেতেই সেটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চলল।

কারা ভারতীয় জাহাজে হামলা চালালো?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গবাদিপশু বোঝাই করে যে জাহাজটি শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাতে 14 জন নাবিক এবং 13 জন জাহাজ কর্মী মিলিয়ে মোট 27 জন ব্যক্তি ছিলেন। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ জাহাজটি ওমান উপকূলের কাছাকাছি পৌঁছতেই লিমা এলাকায় সেটির উপর অতর্কিত ড্রোন হামলা হয়। জানা গিয়েছে, একগুচ্ছ বিস্ফোরক ফেলে বাণিজ্যতরীটিকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে। যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ওমানের উপকূলরক্ষী বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

কয়েকটি সূত্র মারফত খবর, ওই হামলায় ভারতের পতাকা লাগানো জাহাজের কোনও নাবিক বা কর্মীর ক্ষতি হয়নি। প্রত্যেককেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ওমানের উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। তবে কে বা কারা হঠাৎ ভারতের পতাকা লাগানো জাহাজটিতে হামলা চালালো তা জানা যায়নি।। যদিও ইতিমধ্যেই ভারতীয় জাহাজে হামলার ঘটনায় মুখ খুলেছে নরেন্দ্র মোদির সরকার। দিল্লির তরফে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে একটি বিবৃতি জারি করে কেন্দ্র জানিয়ে দিয়েছে, ভারতীয় জাহাজে এই ধরনের হামলা একেবারেই বরদাস্ত করা হবে ন।

অবশ্যই পড়ুন: লুকআউট নোটিস জারি করে ED, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সেই পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস

প্রসঙ্গত, ভারতীয় জাহাজে হঠাৎ কারা হামলা চালালো তা নিয়ে শীঘ্রই শুরু হতে পারে তদন্ত। সরকারের একটি সূত্র দাবি করেছে, এই ধরনের হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। একই সাথে, মোক্ষম সময়ে ভারতীয় জাহাজে হামলার পর জাহাজের নাবিক এবং জাহাজ কর্মীদের উদ্ধার করায় ওমানের উপকূলরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ভারত।