রাজধানীর পর প্যাসেঞ্জার ট্রেন আগুন, দাউ দাউ করে জ্বলে ঝলসে গেল গোটা কোচ

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে ফের ট্রেনে অগ্নিকাণ্ড (Indian Railways Fire)। গতকাল রাজধানীর পর আজ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনা বিহারে (Bihar)। সূত্রের খবর, সোমবার সকালে সাসারাম–পাটনা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। ট্রেনটি পাটনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তবে তার আগেই ওই কোচে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা কোচটিতে। তবে কোনও হতাহতের খবর মেলেনি।

প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ড

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, আজ সকাল ৭ টা নাগাদ সাসারাম থেকে পাটনার উদ্দেশ্যে ওই প্যাসেঞ্জার ট্রেনটি রওনা হওয়ার কথা ছিল। তবে ছাড়ার আগে স্টেশনেই অপেক্ষা করছিল ট্রেনটি। কিন্তু আচমকা একটি কামরা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহুর্তের মধ্যেই ওই কোচটি আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কোচটি। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি রেল পুলিশ থেকে শুরু করে আধিকারিকরা পৌছে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। স্টেশনের জলের পাইপ দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী। তবে এতে কোনও হতাহতর খবর মেলেনি। জানা যায়, ওই কোচটিতে তখন কোনও যাত্রী ছিল না। কিন্তু প্ল্যাটফর্মে যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করতে শুরু করে। তবে দমকল কর্মীরা আগুনে পুড়ে যাওয়া কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেয়, এবং পাশে ব্যারিকেড করে রাখা হয়।

আরও পড়ুন: যুদ্ধের মাঝেও ঘুরে দাঁড়াল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

উল্লেখ্য, গতকাল সাতসকালে তিরুঅনন্তপুরম থেকে দিল্লির হযরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে দু’টি কোচ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যপ্রদেশের ঘটে এই ঘটনা। এমনকি সেই কোচে তখন ৬৮ জন যাত্রী ছিল বলে খবর। তবে দমকল বাহিনী এবং রেল পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, এবং তাতেও কোনও যাত্রী হতাহতের খবর মেলেনি।