বাঙালিরা সস্তায় থাকতে পারবে বারাণসীতে, ৮০ কোটি খরচে বিশাল অতিথিশালা গড়বে রাজ্য সরকার

Published:

Government of West Bengal to Build Guesthouse in Varanasi

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: শিবের নগরী বারাণসীর (Varanasi) প্রতি বাঙালিদের টান চিরকালীন। এটি শুধু পশ্চিমবঙ্গবাসীদের কাছে একটি তীর্থক্ষেত্রই নয়, এই প্রাচীন শহরের সঙ্গে জড়িয়ে আছে বহুদিনের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তবে বিভিন্ন উৎসব ও পুজো উপলক্ষে বারাণসী যাওয়ার পরিকল্পনা করলে থাকার জায়গা নিয়ে দুশ্চিন্তা যেন সঙ্গী হয়ে যায় বাঙালি পর্যটকদের। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। কাশীতে কোচবিহারের রাজপরিবারের ঐতিহ্যবাহী কালীবাড়ি চত্বরে তৈরি হতে চলেছে একটি আধুনিক অতিথিশালা (Varanasi Guesthouse), যেখানে থাকার সুবিধা পাবেন বাঙালিরা। 

বারাণসীতে বাঙালিদের জন্য বিশেষ গেস্ট হাউস

সম্প্রতি রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সোনারপুরার বারাণসী কোচবিহার কালীবাড়ি চত্বর পরিদর্শন করেন। এছাড়াও, তাঁর সঙ্গে ছিলেন পর্যটন উন্নয়ন কর্পোরেশনের এমডি সুমন্ত সহায় এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রকল্পের নকশা নিয়ে ৭ অক্টোবর কালীবাড়ি ট্রাস্ট বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও সেরেছেন মন্ত্রী।

প্রায় ২ একর জায়গা জুড়ে অবস্থিত এই রাজবাড়ী চত্বরে বর্তমানে একটি প্রাচীন কালী মন্দির এবং ঐতিহাসিক ‘হাওয়া মহল’ রয়েছে। সোনারপুরা রোড থেকে মাত্র ৯ মিটার চওড়া সংকীর্ণ প্রবেশপথের কথা মাথায় রেখেই নতুন পরিকাঠামোর খসড়া তৈরি করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এখানে একটি ছয় থেকে সাত তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স গড়ে তোলা হবে, যেখানে থাকবে রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, ব্যাঙ্কোয়েট হল, আধুনিক প্রশস্ত পার্কিং, জিম এবং লাইব্রেরি। মূল ‘হাওয়া মহল’-এর প্রাচীন স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখেই এটি সংস্কার করার চিন্তা ভাবনা চলছে।

আরও পড়ুন: খরচ ২,০৭৭ কোটি, উত্তরবঙ্গে জাতীয় সড়কে হাতিদের জন্য তৈরি হবে ৫টি আন্ডারপাস

এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির মূল উদ্দেশ্য হল বারাণসীর প্রাণকেন্দ্রে বাংলার শিল্প,সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে তুলে ধরা। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করতে চলেছে রাজ্য সরকার। প্রজেক্টটি সম্পন্ন হলে বারাণসীতে আগত বাঙালি তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এই কেন্দ্রটি একটি খুবই গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠবে।

google button