নাগরিকত্বের প্রমাণ নয় NRC সার্টিফিকেট, সাফ জানাল হাইকোর্ট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি এর নথি নাগরিকত্ব প্রমাণ করে না। এই ধরনের নথিকে ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না (High Court On NRC)। আরও একবার স্পষ্ট করে দিল গুয়াহাটি হাইকোর্ট। একই সাথে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, একজন ব্যক্তি যদি বিদেশী হয়েও থাকেন তবে তাঁর পরিবারের বাকি সদস্যদের বিদেশি আখ্যা দেওয়া যাবে না। তাঁদের বিরুদ্ধে আলাদা কোনও মামলা না থাকলে তাঁদের এই ধরনের বিষয়ে টেনে নিয়ে আসা যাবে না।

মামলার শুনানিতে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

বহু পুরনো এক ঘটনার মামলায় আবেদনকারী মায়া দাস গুয়াহাটি হাইকোর্টকে জানিয়েছিলেন, নিবারণ চন্দ্র দাস তাঁর বাবা। তিনি 1965 সালের ভোটার তালিকা এবং পরের বছর অর্থাৎ 1966 সালের NRC নথির মাধ্যমে নিজের ভারতীয় নাগরিকত্ব বা পরিচয় প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সেবার বাবার সাথে তাঁর সম্পর্ক প্রমাণ করার জন্য স্কুল সার্টিফিকেট এমনকি গ্রাম পঞ্চায়েতের শংসাপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু সেসব সত্ত্বেও শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে সরাসরি বিদেশি বলে ঘোষণা করে। সিদ্ধান্ত নেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের নিয়েও!

এমন ঘটনার পরই মায়া দাস সরাসরি গুয়াহাটি হাইকোর্টে পিটিশন দাখিল করেন। আদালতে মায়া দাসের দাবি ছিল, তিনি যথাসাধ্য সব রকম নথি জমা দিয়েছেন। সেগুলির বিরোধিতা করা হয়নি। এদিকে রাজ্য নাকি জানিয়ে দেয় 1946 সালের 9 নম্বর ধারা অনুযায়ী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার দায় সম্পূর্ণ আবেদনকারীর উপর বর্তায়। তিনি যদি সেটা না পারেন তবে সেটা তাঁর ব্যর্থতা।

মঙ্গলবার সেই মামলাতেই রায় দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এদিন মামলার শুনানি চলাকালীন, আদালতের পর্যবেক্ষণ ছিল, মহিলা যে স্কুল সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেটির লেখককে আদালতে হাজির করা হয়নি। ফলে এক্ষেত্রে ওই নথি যথাযথ প্রমাণ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের যে শংসাপত্র রয়েছে তা শুধুমাত্র বিবাহের বিষয়টিকে নিশ্চিত করে পিতৃত্বের সম্পর্ক নয়।

অবশ্যই পড়ুন: নেই ডালপালা, পাতা কিছুই! তবুও দেয় অক্সিজেন, এটিই দেশের প্রথম শৈবাল বৃক্ষ

এদিন এমন পর্যবেক্ষণের পাশাপাশি ট্রাইবুনাল আবেদনকারী সহ তাঁর পরিবারের বাকিদের বিদেশী বলে সম্বোধন করায় ওই সিদ্ধান্তটিকে আইনি ত্রুটি বলে উল্লেখ করেন বিচারপতিরা। একই সাথে আবেদনকারীর সন্তানদের নিয়ে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়। আদালত স্পষ্ট জানায়, আবেদনকারী বিদেশী হলেও তাঁর পরিবারের সদস্যদের বিদেশি বলা যায় না। এই ঘটনায় প্রশাসনকে প্রয়োজনে নতুন করে আলাদা মামলা দায়ের করার স্বাধীনতা দেওয়া হচ্ছে। সেই সাথে হাইকোর্টের বক্তব্য ছিল, NRC এর নথি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়!