টোল ছাড়াই হরমুজ পেরোচ্ছে ভারতের জাহাজ, জানিয়ে দিল ইরান

Published:

Iran On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে ইরানের। তাই সেই জলপথ দিয়ে জাহাজ নিয়ে আসতে রীতিমতো চড়া শুল্ক মেটাতে হচ্ছে ভারতকেও! এমন খবরের সত্যতা কতখানি? উত্তর দিল খোদ ইরান। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি। ভারতের জাহাজের থেকে আদৌ টাকা নেওয়া হচ্ছে কিনা সেটাই একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন ইরানি রাষ্ট্রদূত। কী বললেন তিনি?

টাকা মিটিয়ে তবেই হরমুজ পেরোচ্ছে ভারতীয় জাহাজ?

নিউজ 18 এর সাথে কথা বলার সময় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি একেবারে খোলাখুলি জানিয়েছেন, ভারতের জাহাজ হরমুজ পার করছে বিনা শুক্লে। জাহাজ পারাপারের জন্য দিল্লির কাছ থেকে কোনও টাকা পয়সা বা শুল্ক নিচ্ছে না তেহরান। এমনকি আগামীতেও ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে বলেই জানিয়ে দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

ফাতালির কথায়, “চাইলে ভারত সরকারের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমরা আজ পর্যন্ত ভারতের জাহাজ থেকে কোনও রকম অর্থ নিয়েছে কিনা। কঠিন সময়ে আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এটাই থাকা উচিত। আমরা বিশ্বাস করি ভারত এবং ইরানের সম্পর্ক এক।” এক কথায় বলাই যায়, আর যে দেশের কাছ থেকে জাহাজ পারাপারের জন্য শুল্ক নেওয়া হোক না কেন ভারতকে হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে আসার জন্য কোনও অর্থ দিতে হচ্ছে না।

এদিন ইরানের রাষ্ট্রদূত এও বলেন, “ভারত এবং ইরানের সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং শক্তিশালী। কঠিন সময়ে ভারত ইরানের একজন আসল বন্ধু হিসেবে প্রমাণ দিয়েছে। এই সম্পর্ক আগামীতেও চালিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য।” এদিন হরমুজ প্রণালী নিয়ে মুখ খুলে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, “ভবিষ্যতেও যাতে ভারতের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। ইরান এমন একটি ব্যবস্থার কথা জানাবে যেখানে জাহাজ চলাচলের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা থাকবে। এই প্রণালী ভারতের মতো বন্ধুর জন্য উন্মুক্ত থাকবে।”

অবশ্যই পড়ুন: ‘২০ কোটি হাতবদল’, ED-র হাতে গ্রেফতার হওয়া IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে চেনেন?

প্রসঙ্গত, ভারতের জাহাজগুলি নিরাপদে ধীরে ধীরে হরমুজ প্রণালী পেরিয়ে আসছে। বাকি যে 15টি ভারতের পতাকা লাগানো জাহাজ রয়েছে সেগুলিকেও ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্পূর্ণ নিরাপদে যাতে সেই জাহাজগুলি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে তা নিশ্চিত করবে ইরান, এদিন এমনটাই জানালেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

google button