লাস্ট ডেট পেরিয়ে গেছে তবু হয়নি LPG-র e-Kyc, কী হবে এরপর? জানুন

Published:

LPG e-KYC

অনন্যা সরকার, কলকাতা: এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) জন্য ই-কেওয়াইসি জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা রবিবার (১৬ই আগস্ট) শেষ হয়েছে। এখন প্রশ্ন হল, যেসব এলপিজি ইউজার এই সময়সীমার মধ্যেও প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, তাদের কী হবে? তাদের কি এলপিজি সিলিন্ডার বাতিল হয়ে যাবে? প্রসঙ্গত, দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে শুরু করে ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস সহ সমস্ত এলপিজি সরবরাহকারী সংস্থাই সোশ্যাল মিডিয়া এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে গ্রাহকদের সতর্ক করেছে। চলুন তাহলে এলপিজি ই-কেওয়াইসি-এর শর্তগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

সরকার ও এলপিজি কোম্পানিগুলির সতর্কবার্তা

এলপিজি ই-কেওয়াইসি-এর নিয়মটি ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের ডোমেস্টিক এলপিজি গ্রাহকদের জন্য প্রযোজ্য। গ্রাহকদের কাছে পাঠানো সরকারি বার্তা অনুযায়ী, যারা ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হবেন, ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সরকারি ভর্তুকির সাথে ডোমেস্টিক রেটে আর এলপিজি সিলিন্ডার পাবেন না। তবে, যাঁরা ইতিমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের আবার করে ই-কেওয়াইসি করার প্রয়োজন নেই। পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়েছে যে, শুধু যেসমস্ত গ্রাহকরা এখনও যাচাইকরণ সম্পন্ন করেননি, তাদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক। 

আরও পড়ুন: গভীর নিম্নচাপে ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া

লাস্ট ডেট পার হয়ে যাওয়ার পরেও ই-কেওয়াইসি না করার মানে এই নয় যে, এলপিজি সংযোগ স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। গ্যাস কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্রাহকদের কাছে পাঠানো সতর্কবার্তায় এটাও স্পষ্টভাবে বলা হয়েছে যে, যারা ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করবেন না, ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ডোমেস্টিক রেটে এলপিজি সিলিন্ডার পাওয়ার যোগ্য হবেন না। ফলে তাঁদের একটি সিলিন্ডারের জন্য আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হবে। 

যদি কোনো গ্রাহক ডোমেস্টিক দরে সিলিন্ডার সংগ্রহ করতে না পারেন, তাহলে তাঁকে এর জন্য প্রযোজ্য বাণিজ্যিক দর দিতে হতে পারে। অর্থাৎ, একটি ১৪.২ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে কলকাতায় ৯৬৮ টাকা, দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বাইতে ৯৪১.৫০ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা। অন্যদিকে, বর্তমানে একটি ১৯-কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ২,৮৭২.৫০ টাকা, দিল্লিতে দাম ২,৭৩৮ টাকা, মুম্বাইতে ২,৬৯১.৫০ টাকা এবং চেন্নাইতে ২,৯০৬ টাকা। এছাড়াও, দেশের কিছু কিছু শহরে একটি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩,০০০ টাকাও ছাড়িয়ে গেছে। 

আরও পড়ুন: ৫০ লক্ষ রেশন কার্ডধারীদের হবে ফিজিক্যাল ভেরিফিকেশন, তালিকা থেকে কারা পড়ছেন বাদ?

উল্লেখ্য, ভারত পেট্রোলিয়ামের (BPCL)-এর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো গ্রাহক যদি আগস্ট মাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা পার করে ফেলেন, তাহলে ই-কেওয়াইসি সম্পন্ন না হওয়া পর্যন্ত এলপিজি সংযোগটি সাময়িকভাবে স্থগিত করা হতে পারে, তবে সংযোগটি স্থায়ীভাবে বাতিল করা হবে না। অর্থাৎ, গ্রাহকরা প্রয়োজনীয় ই-কেওয়াইসি সম্পন্ন করে তাদের ডোমেস্টিক এলপিজি কানেকশনের সুবিধাগুলো পুনরায় চালু করতে পারবেন।