৫০ লক্ষ রেশন কার্ডধারীদের হবে ফিজিক্যাল ভেরিফিকেশন, তালিকা থেকে কারা পড়ছেন বাদ?

Published:

Rationing

অনন্যা সরকার, কলকাতা: রাজ্য নতুন সরকার আসার পর রেশন ব্যবস্থা (Rationing) থেকে ভুয়ো উপভোক্তা ও কালোবাজারি নির্মূল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের নাম রেশন তালিকাতেও কাটা পড়েছে। বর্তমানে সরকারের নজরে রয়েছে বিনামূল্যে রেশনের সুবিধা পাওয়া আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা। সেই সমস্ত সুবিধাভোগীদের তালিকাও প্রস্তুত করেছে খাদ্য দফতর। এখন রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II)-এর অধীনে থাকা রেশন কার্ড হোল্ডারদের ফিজিক্যাল ভেরিফিকেশনের (Physical Verification) নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দফতরের তরফে।  

রেশন গ্রাহকদের ফিজিকাল ভেরিফিকেশন শুরু

সূত্র থেকে জানা গেছে, রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ২-এর অধীনে রয়েছেন প্রায় ৫০ লক্ষ রেশন গ্রাহক। এই উপভোক্তারা প্রতি মাসে মাথাপিছু বিনামূল্যে ২ কেজি চাল পান। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ইতিমধ্যেই রেশন দুর্নীতি রুখতে ও রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গেই তিনি বলেন, আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে রেশন দেওয়া হবে না।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড…! আজকের সেরা ১০ খবর (১৭ আগস্ট)

তাঁর বক্তব্যের পর থেকেই ফিজিক্যাল ভেরিফিকেশনে জোর দিচ্ছে খাদ্য দফতর। তবে কোন মানদন্ডে অযোগ্য গ্রাহকদের চিহ্নিত করা হবে, তার জন্য কী কী নথিপত্র যাচাই করা হবে, কাদের রেশন কার্ড বাতিল হতে পারে – এই সমস্ত প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর এখনও দেয়নি সরকার। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৮ কোটি কোটি ৭৩ লক্ষ মানুষ বিনামূল্যে রেশনর খাদ্য সামগ্রী পান। এর মধ্যে ৬ কোটিরও বেশি মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন। এদের সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া হয়।

আর যাঁরা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় নেই, তাঁরা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার সুবিধা পান। এরমধ্যে আরকেএসওয়াই ১-র অধীনে রয়েছেন প্রায় ২ কোটি ২৩ লক্ষ রেশন গ্রাহক, তাঁরা প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি চাল পান। এই গ্রাহকদের ফিজিক্যাল ভেরিফিকেশন এর প্রয়োজন নেই। খাদ্য দফতরের অতিরিক্ত সচিব কর্তৃক ডিরেক্টর ডিডিপিএস (DDP&S) এবং ডিরেক্টর রেশনিংকে গত ৩১ জুলাই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে আরকেএসওয়াই-২-এর রেশন গ্রাহকদের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ডিম থেরাপির হাত থেকে বাঁচতে সঙ্গে পিস্তল রাখছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার

প্রসঙ্গত, আরকেএসওয়াই-২ বিভাগে ৫০ লক্ষ রেশন গ্রাহক রয়েছেন। এদেরই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে থেকে যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে নির্বাচন করা হবে। শহর ও গ্রামাঞ্চলের জন্য আলাদা আলাদা শর্তাবলি রয়েছে। পারিবারের মাসিক আয়, ব্যক্তিগত আয়, সরকারি চাকরি, পেনশন প্রাপ্তি এবং পারিবারিক সম্পত্তির মতো বিষয়গুলো খতিয়ে দেখার পর খাদ্য দপ্তর রেশন কার্ডের জন্য যোগ্যতা নির্ধারণ করবে।