বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় হওয়া যুদ্ধের খারাপ প্রভাব আটকাতে এবার দেশবাসীর কাছে বড় অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। দেশের চৌকিদার এবার পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে কিছুটা সংযমী এবং সতর্ক হওয়ার আবেদন করলেন। তাঁর কথায়, এই ধরনের পণ্যগুলির জন্য ভারত কিছুটা অন্যান্য দেশের উপর নির্ভরশীল। এই ধরনের পণ্যগুলির চাহিদা মেটাতে অন্য দেশ থেকে আমদানি করতে হয়। তাই যতটা সম্ভব উল্লেখিত পণ্যগুলি ব্যবহারের ক্ষেত্রে সংযমী হওয়া প্রয়োজন।
সংযত হয়ে ব্যবহার করতে হবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বহু দেশে ইতিমধ্যেই বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। তবে ভারতে আপাতত এই দুই জ্বালানি তেলের দামে পরিবর্তন আসেনি। এমতাবস্থায়, রবিবার হায়দরাবাদের এক সরকারি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম এশিয়ার অশান্তি এবং বিভিন্ন পেট্রোপণ্যের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, “এবার থেকে আমাদের পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মতো জিনিস অত্যন্ত সংযত হয়ে ব্যবহার করতে হবে। এই ধরনের জ্বালানি পণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়।”
প্রধানমন্ত্রীর সংযোজন, আমরা যেহেতু এই ধরনের, পণ্যে স্বয়ংসম্পূর্ণ নই, তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করার চেষ্টা শুরু করতে হবে। এর ফলে বিদেশী মুদ্রার সাশ্রয় যেমন হবে তেমনই যুদ্ধের সময় সংকট দেখা দিলে দেশে বিরূপ প্রভাবের হাত থেকে রেহাই পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই অনেকেই আশঙ্কায় রয়েছেন, এবার বোধহয় বেড়ে যেতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এদিকে কিছুদিন আগেই শহর কলকাতায় নতুন করে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেশ খানিকটা বেড়েছে।
অবশ্যই পড়ুন: “ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল…” বিরাট পোস্ট সুপারস্টার জিতের
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছিল হরমুজ প্রণালী। মাঝে তা ইরানের তরফে কিছুটা খোলা হলেও আমেরিকার সাথে সমস্যা বাড়লে ফের হরমুজ অবরুদ্ধ করে দেয় তেহরান। যার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাণিজ্যে। এর প্রভাব কিছুটা হলেও ভোগ করতে হচ্ছে ভারতকেও। আগামী দিনে পরিস্থিতি কঠিন হলে দেশে জ্বালানির সংকট দেখা দিতে পারে। ঠিক সেই আবহে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।










