সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রামীণ স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে বিশেষ অভিযানের ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তাঁর অভিযোগ ছিল, গ্রামের স্কুলগুলিতে পড়াশোনা হয় না, এমনকি দীর্ঘদিন ধরেই সরকার এই সমস্ত স্কুলগুলির উন্নয়নের দিকে নজর দেয় না। তবে এবার স্কুল পরিদর্শন করতে গিয়েই বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ।
অভিজিৎ দীপকের বিরুদ্ধে দায়ের এফআইআর
সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, মুম্বাই থেকে আনুমানিক ৫০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত আওসার নিকটবর্তী জাওয়ালি এলাকার একটি জেলা পরিষদের উর্দু স্কুলে পরিদর্শন করতে গিয়েছিলেন অভিজিৎ এবং তাঁর দলের সদস্যরা। এমনকি সেই স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটিগুলি তুলে ধরা ছিল তাঁদের লক্ষ্য। তবে দীপকে এবং তাঁর সহযোগীরা শিক্ষকদের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের মাঝে বসেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এতে ক্লাস এবং দফতরের কাজকর্মে বিঘ্নতা ঘটে বলেই অভিযোগ আনেন স্কুলের এক শিক্ষক।
সেই মতো স্কুলটির ৫৩ বছর বয়সী শিক্ষক সৈয়দ শামশাদবানো খায়রাতালির অভিযোগের ভিত্তিতেই আওসা থানায় একটি এফআইআর দায়ের করে পুলিশ। এমনকি বিনা অনুমতিতে প্রবেশের পাশাপাশি শিক্ষকদের হুমকি দেওয়ার মতো অভিযোগও উঠেছে অভিজিতের বিরুদ্ধে। ওই শিক্ষকের দাবি, অভিজিৎ দীপকে অনুমতি ছাড়া ঢুকে বিদ্যালয়ের বিভিন্ন কার্যবিবরণী রেকর্ড করে সেই ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন।
আরও পড়ুন: শিক্ষক ও সরকারি কর্মীদের ৪৫০০ টাকা বোনাসের ঘোষণা, বাড়ল পুলিশদের বরাদ্দ
এমনকি তাঁর আরও অভিযোগ, স্কুল পরিদর্শনের সময় অন্য একটি স্কুল থেকে শিক্ষার্থীদেরকে এনে এই স্কুলের শ্রেণিকক্ষে নাকি বসানো হয়েছিল। পাশাপাশি দীপকে স্কুলের শিক্ষকদের বরখাস্ত করার হুমকিও দিয়েছিলেন। সেই সূত্র ধরেই পুলিশ এবার ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ৩২৯(৩), ৩৫১(২) এবং ৩৫৬(২) ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত করেছে। প্রসঙ্গত, এই অভিযানের আগে অভিজিৎ জানিয়েছিলেন, বিগত ৮০ বছর যদি সবথেকে বেশি অবহেলিত হয়ে থাকে তাহলে তা গ্রামের সরকারি স্কুল। পড়ুয়াদের অনেক দূর পর্যন্ত হেঁটে স্কুলে যেতে হয়। পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা নেই। এই অভিযানে এই সমস্ত ইস্যুই তুলে ধরা হবে। সেই সূত্রে তিনি বিভিন্ন স্কুলে পরিদর্শন চালাচ্ছিলেন।










