বিক্রম ব্যানার্জী, কলকাতা: মার খেয়ে চুপ করে থাকার পাত্র আফগানিস্তান (Afghanistan) নয়! সেটাই আরও একবার প্রমাণ করে দিল তালিবান সরকার (Afghanistan Attacks On Pakistan)। এবার সরাসরি আকাশপথে পাকিস্তানের মাটিতে ভয়াবহ হামলা চালাল ইসলামাবাদের নিকটতম প্রতিবেশী। ভারতের এই বন্ধু দেশটি এবার পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ঘাঁটি গুলিতে ড্রোন হামলা চালিয়েছে। তালিবান বাহিনীর তরফে জানানো হয়েছে পাকিস্তানের যেসব জায়গায় ইসলামিক স্টেট খোরাসনের ঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গায় আকাশ পথে হামলা চালিয়েছে তারা। আফগানিস্তানের এই প্রত্যাঘাতকে পাকিস্তানের জন্য বড় শিক্ষা বলেই মনে করছেন কূটনীতিকদের একাংশ!
পাকিস্তানকে উচিত শিক্ষা আফগানিস্তানের!
আফগানিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম টোলোনিউজ় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তানের মাটিতে এই হামলা অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসম্মত। কারণ পাকিস্তান যেভাবে রাতের অন্ধকারে দিনের পর দিন আফগানিস্তানের মাটিতে ভয়াবহ হামলা চালিয়ে একের পর এক সাধারন মানুষের প্রাণ কেড়েছে, তারই প্রত্যাঘাত করেছে আফগানিস্তান। এতে কোনও ভুল নেই।
ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, পাকিস্তানের হামলার প্রত্যাঘাত হিসেবে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে তালিবান সেনা। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সারান অঞ্চলের একটি স্কুলেও হামলা চালিয়েছে তালিবানরা। তাঁদের দাবি, ওই স্কুলেই দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসেছিল জঙ্গিরা। ওই স্কুলটিকে ব্যবহার করে বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজকর্ম করেছে তারা। এবার বিমান হামলা চালিয়ে সেই স্কুলে থাকা জঙ্গিদের শেষ করেছে তালিবান। তবে তাঁদের দাবি, বিমান হামলায় আইএস জঙ্গিদের মৃত্যু হলেও তাঁরা কোনও সাধারণ মানুষের ক্ষতি করেনি।
অবশ্যই পড়ুন: আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভব সূর্যবংশীর? জানালেন নিজেই
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাতের অন্ধকারে আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। এই হামলায় মৃত একাধিক সাধারণ নাগরিকের জন্য দুঃখ প্রকাশ করেছিল ভারতও। একই সাথে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় নয়া দিল্লির তরফে। যদিও আফগানিস্তানের তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লা ফিতরাত স্পষ্ট করে জানিয়েছিলেন, ইসলামাবাদকে সঠিক এবং যোগ্য জবাব দেওয়া হবে। সেই মতোই, এবার পাকিস্তানের জঙ্গিদের ভিটেমাটি ছারখার করে ছাড়ল কাবুল। যদিও এই ঘটনায় প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান!










