‘বিজেপি বাংলাদেশি মুসলিমদের পুশব্যাক করবে!’ বঙ্গের ফলাফল নিয়ে চিন্তায় ওপার বাংলা

Published:

Akhter Hossen

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন শেষ, এখন বাকি ফলাফলের। যদিও তার আগেই রাতারাতি বিভিন্ন সংবাদ সংস্থা বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল তৈরি করেছে। তবে এক্সিট পোলের পূর্বাভাস যে সর্বদা চূড়ান্ত ফলাফলের সঙ্গে মিলে যায়, তা কিন্তু নয়। কারণ এর আগে বহুবার এক্সিট পোলের সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয়ে সম্পূর্ণ ভিন্ন রায় পাওয়া গিয়েছিল। তবে এবারের বুথফেরত সমীক্ষাগুলো নিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষমতায় আসতে পারে বিজেপি (Bharatiya Janata Party) আর তাতেই ভয় এবং চিন্তার বহিঃপ্রকাশ দেখা গেল বাংলাদেশের (Bangladesh) সাংসদ আখতার হোসেনের (Akhter Hossen) মুখে।

বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে ঘাবড়ে বাংলাদেশ

২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই ক্রমেই সেয়ানে-সেয়ানে হচ্ছে। একদিকে যেমন গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলছে, ঠিক তেমনই অনেক সমীক্ষায় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় সরকার গড়বে। তবে ভোট-পরবর্তী এই জল্পনার অবসান ঘটবে আগামী ৪ মে। কিন্তু তার আগেই চিন্তায় পড়ল বাংলাদেশ। বিতর্কের শিরোনামে ফের উঠে এল হিমন্ত বিশ্ব শর্মার ‘পুশ ব্যাক’ মন্তব্য। আসলে পশ্চিমবঙ্গ এবং অসমে অনুমান করা হচ্ছে যে সেখানে বিজেপি সরকার গড়ে উঠবে। তাই এখন থেকেই মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে শরণার্থীদের ঢল নামানোর চক্রান্ত করছে কেন্দ্র। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ওপার বাংলার এনসিপি সাংসদ আখতার হোসেন।

পুশ-ব্যাক নীতি নিয়ে প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে জানিয়েছিলেন যে, “রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশ-ব্যাক করা হয়। যেখানে বিজিবি থাকে না, সেখান দিয়ে বাংলাদেশিদের ধাক্কা দিয়ে এখানে পাঠানো হয়। আমাদের দুই দেশের সম্পর্ক খারাপ থাকলে তখন এভাবে অনুপ্রবেশকারীদের আমরা ফেরত পাঠাতে পারি। কিন্তু যখন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়, আমরা পুশ ব্যাক করতে পারি না।” আর এই মন্তব্য ভাইরাল হতেই ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল তারেক রহমান সরকার। এবার সেই প্রসঙ্গ তুলে বাংলাদেশের সংসদে বিস্ফোরক দাবি করলেন আখতার হোসেন।

আরও পড়ুন: ‘ধাক্কা নয়, গরমে মৃত্যু বৃদ্ধের’ অভিষেকের দাবিকে ভুয়ো বলল কমিশন

বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে আখতার হোসেন

বাংলাদেশের রংপুর-৪ আসনের সাংসদ আখতার হোসেন জানিয়েছিলেন, “ আমরা ভৌগলিক ভাবে এমন একটা অবস্থানে আছি, যেখানে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এখানে শরণার্থীদের ঢল নামানো হতে পারে। সেই ধরনের চক্রান্ত চলছে। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ইতিমধ্যেই চলে এসেছে। আর প্রতিবেশী দেশ থেকে যে মুসলমানদের বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থীদের ঢল নামানো হবে না, এর কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশের জনগণের ওপর যদি পরাধীনতা চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।”