বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয়রা (Boat Capsized)। জানা যাচ্ছে, দেশটির জনপ্রিয় দ্বীপ ফু কোকের কাছেই ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকা উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক কোন কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। এমনকি দুর্ঘটনায় কতজন ভারতীয়র মৃত্যু হয়েছে, কতজনই বা আহত সেই খবরও মেলানি। বর্তমানে ভিয়েতনামের ভারতীয় দূতাবাসের তৎপরতায় এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে আশঙ্কা করা হচ্ছে, নৌকাটি ডুবে গিয়ে মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় পর্যটকের!
তল্লাশি চলছে ভারতীয় পর্যটকদের
ভিয়েতনামের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষের তরফে সমাজমাধ্যমে প্রথম এই নৌকাডুবির ঘটনা জানানো হয়। নিজেদের এক্স হ্যান্ডেলে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের জনপ্রিয় দ্বীপ ফু কোকের একেবারে গা ঘেঁষেই মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আপাতত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের খবর পাওয়া যায়নি।
ওই দূতাবাসের তরফে এও জানানো হয়েছে, তাঁরা এই দুর্ঘটনার সম্পর্কে স্থানীয় প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। একই সাথে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে তাদের। এদিকে দুর্ঘটনার কবলে পড়া ভারতীয় পর্যটকদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁদের দ্রুত সবরকম তথ্য সরবরাহের জন্য ভিয়েতনামের হো চি মিন সিটি ও হ্যানয়-এ খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু হয়েছে হেল্পলাইন নম্বর।
অবশ্যই পড়ুন: ইতিহাসে প্রথম, নেপালে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া! থাকবেন বৈভবও?
প্রসঙ্গত, স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ভিয়েতনামের জনপ্রিয় দ্বীপটির কাছে হঠাৎ ভারতীয় পর্যটকদের নৌকাটি কীভাবে ডুবে গেল সেই সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। তবে নৌকাটি চালকের ভুলে নাকি ষড়যন্ত্র করে ডুবিয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত ক্ষতিগ্রস্তদের উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।










