ইতিহাসে প্রথম, নেপালে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া! থাকবেন বৈভবও?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৈরি হতে চলেছে ইতিহাস। প্রথমবারের মতো নেপালে টি-টোয়েন্টি সিরিজ (India Vs Nepal) খেলতে যাবে ভারতীয় এ দল। জানা যাচ্ছে, প্রতিবেশী দেশে মূলত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমন্বয়ে ইতিহাসে প্রথমবারের মতো নেপালের মাটিতে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ। শোনা যাচ্ছে, এই সিরিজে থাকতে পারেন বৈভব সূর্যবংশী

কবে কবে নেপালের মুখোমুখি হবে ভারত?

সম্প্রতি স্কটল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক বৈঠকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের সভাপতি চতুর বাহাদুর চন্দ এবং সচিব পারস খড়কার সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার। আর সেখানেই চূড়ান্ত হয়ে যায়, এবার ভারত এ দল প্রথমবারের মতো নেপালে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম নেপালের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি 11 ডিসেম্বর এবং তৃতীয় ম্যাচটি 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শোনা যাচ্ছে, গোটা টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। এই সিরিজ নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে নেপালের স্থানীয় জনতার মধ্যে।

অবশ্যই পড়ুন: SSC কেলেঙ্কারিতে মানহানির অভিযোগে ৫ কোটির ক্ষতিপূরণ দাবি, আইনি নোটিস দিলেন সায়নী

এদিকে ভারত বনাম নেপাল টি-টোয়েন্টি সিরিজের খবর প্রকাশ্যে আসতেই চর্চা বেড়েছে নেপালের বিরুদ্ধে ভারতীয় একাদশে কারা থাকবেন তা নিয়ে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, ডিসেম্বরে ভারতীয় সিনিয়র টি-টোয়েন্টি দলের ম্যাচের সময়সূচি দেখে তবেই তৈরি হবে নেপাল সিরিজের দল। সেই দলে থাকতে পারেন ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী সহ রিঙ্কু সিং এমনকি তিলক বর্মার মতো প্লেয়াররাও।