SSC কেলেঙ্কারিতে মানহানির অভিযোগে ৫ কোটির ক্ষতিপূরণ দাবি, আইনি নোটিস দিলেন সায়নী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর এক প্রকার উধাও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যদিও দীর্ঘ সময় পর আত্মপ্রকাশ করেন তিনি। নিজের মুখে কিছু না বললেও কাকলি ঘোষ দস্তিদারদের সাথে বিদ্রোহী দলে নাম লিখিয়েছিলেন সায়নী। সেখান থেকে ভারতের রাজনীতিতে অস্তিত্বহীন দল ন্যাশানালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া বা NCPI তে যোগদান করেন। এবার সেই সায়নী ঘোষ 2016 সালের SSC নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় আইনজীবী মারফত আইনি নোটিস ইস্যু করলেন।

কার বিরুদ্ধে আইনি নোটিস জারি করলেন সায়নী?

জানা গিয়েছে, 2016 সালের SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে এক অভিযুক্তর সাথে সায়নী ঘোষের নাম জুড়ে দিয়েছিলেন তাপস মন্ডল নামক এক ব্যক্তি। দীর্ঘ 10 বছর পেরিয়ে এবার সেই তাপস মণ্ডলের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য এবং মিথ্যা প্রচারের অভিযোগ আইনজীবী মারফত আইনি নোটিস ইস্যু করলেন তৃণমূলের প্রাক্তন নেত্রী তথা সাংসদ সায়নী।

তাপস মণ্ডলকে পাঠানো ওই আইনি নোটিসে অভিনেত্রী সায়নী ঘোষের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষমূলক, অযৌক্তিক, কলঙ্কজনক এবং মানহানিকর মন্তব্য করেছেন তাপস মন্ডল। 2016 সালের SSC কেলেঙ্কারির ঘটনায় একেবারে অন্যায়ভাবে অভিযুক্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে সায়নী ঘোষের নাম। সেই ঘটনায় সায়নী ঘোষ এর বিরুদ্ধে যে যে অভিযোগ তোলা হয়েছিল সেসব প্রত্যাহার করার পাশাপাশি অবিলম্বে অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই নোটিসে।

অবশ্যই পড়ুন: ভারতীয় নৌসেনা পেল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধজাহাজ, জলে নামল INS মহেন্দ্রগিরি

শুধু তাই নয়, আইনজীবী মারফত ওই নোটিসের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে 5 কোটি টাকা চাওয়া হয়েছে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের তরফে। ওই আইনি নোটিসে খুব পরিষ্কারভাবে এও জানানো হয়েছে, যদি নিম্নলিখিত দাবিগুলি না মানা হয় তবে ভারতীয় ন্যায় সংহিতার 1923 এর 365 এবং 79 নম্বর ধারা ও জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর 44 নম্বর ধারা অনুযায়ী তাপস মন্ডলের বিরুদ্ধে ফৌজদারী মামলা এবং অভিনেত্রী তথা সংসদের মানহানি করা, ক্ষতিপূরণ আদায় এবং নিষেধাজ্ঞার জন্য দেওয়ানী মামলা দায়ের করা হবে।