বেতন ৬৯ হাজার, ITBP-তে কনস্টেবল নিয়োগ, অনলাইনে চলছে আবেদন

Published:

itbp

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) বা আইটিবিপি-তে স্পোর্টস কোটায় কনস্টেবল পদে নিয়োগের (ITBP Constable Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১২৬টি শূন্যপদে যোগ্য পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের নিয়োগ করা হবে। ২৮টি স্পোর্টস ডিসিপ্লিনে এই নিয়োগ হবে। আবেদন করতে পারবেন যোগ্য ভারতীয় নাগরিকরা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ অক্টোবর ২০২৬ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ নভেম্বর ২০২৬।

কোন পদে কত নিয়োগ?

এই নিয়োগে শুধুমাত্র কনস্টেবল (জেনারেল ডিউটি বা GD) পদে নিয়োগ করা হবে। মোট ১২৬টি পদের মধ্যে যথাক্রমে,

  • পুরুষ: ৭২টি
  • মহিলা: ৫৪টি
  • মোট: ১২৬টি

অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক, আর্চারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ইকুয়েস্ট্রিয়ান, ফুটবল, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, আইস হকি, হকি, জুডো, খো-খো, পেনকাক সিলাট, পাওয়ারলিফটিং, স্কি, স্পোর্টস শুটিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ওয়েটলিফটিং, রেসলিং, ক্যানোয়িং, কায়াকিং, রোয়িং, এমটিবি সাইক্লিং এবং ক্যারাটে এই ২৮টি ডিসিপ্লিনে শূন্যপদ রয়েছে।

বেতন কত?

নির্বাচিত প্রার্থীদের পে লেভেল-৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতনক্রম ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাওয়েন্স, রেশন মানি, ওয়াশিং অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, চিকিৎসা-সহ অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।

শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে স্বীকৃত জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ অথবা পদক জয়ের প্রয়োজন রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৪ থেকে ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে অর্জিত নির্দিষ্ট ক্রীড়া সাফল্য বিবেচনা করা হবে।

বয়সসীমা

১ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সাধারণভাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

মেধাবী ক্রীড়াবিদদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। UR/EWS/OBC প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় প্রযোজ্য হতে পারে। নির্দিষ্ট ক্যাটাগরি ও প্রার্থীর অবস্থার ভিত্তিতে বয়সের ছাড়ের নিয়ম কার্যকর হবে।

শারীরিক যোগ্যতা

শারীরিক মাপও নিয়োগের গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৭০ সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ১৫৭ সেন্টিমিটার হতে হবে। বিভিন্ন রাজ্য, জনজাতি ও নির্দিষ্ট শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী উচ্চতায় ছাড় রয়েছে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপও নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষা করা হবে। শারীরিক ও মেডিক্যাল পরীক্ষায় দৃষ্টিশক্তি, ওজন এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্য-মানও যাচাই করা হবে।

আবেদন ফি

পুরুষ প্রার্থীদের মধ্যে UR, OBC এবং EWS শ্রেণির জন্য আবেদন ফি ১০০ টাকা। অন্যদিকে মহিলা প্রার্থী এবং SC/ST শ্রেণির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। ফি প্রযোজ্য হলে অনলাইনেই তা জমা দিতে হবে।

কবে থেকে আবেদন?

  • আবেদন শুরু: ৩ অক্টোবর ২০২৬, রাত ১২টা ১ মিনিট থেকে
  •  আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
  •  আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন করতে হবে আইটিবিপির নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। অফলাইনে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে আইটিবিপির অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে প্রার্থীর প্রোফাইল তৈরি করতে হবে।
এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য এবং ক্রীড়া সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে দিতে হবে।
আবেদনের সময় নির্দিষ্ট ক্রীড়া সাফল্যের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
ফি প্রযোজ্য হলে অনলাইনে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন করার পরে ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের কপি সংরক্ষণ করে রাখা উচিত।

নির্বাচন কীভাবে হবে?

এই নিয়োগে সাধারণ লিখিত পরীক্ষার পরিবর্তে প্রার্থীর ক্রীড়া সাফল্য ও শারীরিক যোগ্যতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রকাশিত নিয়োগের তথ্য অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে-

  • ডকুমেন্টেশন
  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
  • স্পোর্টস ট্রায়াল
  • ক্রীড়া সাফল্যের ভিত্তিতে মেরিট
  • ডিটেইলড মেডিক্যাল পরীক্ষা (DME)

প্রয়োজনে রিভিউ মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থাও থাকতে পারে। ক্রীড়া সাফল্যের জন্য নির্দিষ্ট প্রতিযোগিতা ও অর্জনের ভিত্তিতে নম্বর দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কোন কোন নথি লাগবে?

আবেদনের আগে প্রার্থীদের প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে-

  • মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্মতারিখের প্রমাণপত্র
  • ক্রীড়া সাফল্যের সার্টিফিকেট
  • প্রযোজ্য ক্ষেত্রে SC/ST, OBC-NCL বা EWS সার্টিফিকেট
  • সরকারি চাকরিতে কর্মরত হলে প্রয়োজনীয় NOC
  • উচ্চতা বা বুকের মাপে ছাড় দাবি করলে সংশ্লিষ্ট সার্টিফিকেট
  • নির্দিষ্ট ক্ষেত্রে ডোমিসাইল সংক্রান্ত নথি
  • আবেদনপত্রে ব্যবহৃত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

মূল নথিগুলিও যাচাইয়ের সময় সঙ্গে রাখতে হবে।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

আবেদনের আগে নিজের ক্রীড়া ডিসিপ্লিন, নির্দিষ্ট ইভেন্ট/ক্যাটেগরি এবং ক্রীড়া সাফল্যের যোগ্যতা বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। কারণ ২৮টি ডিসিপ্লিনের প্রত্যেকটির অধীনে আলাদা ইভেন্ট বা শূন্যপদ রয়েছে।

এছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যেই ক্রীড়া সাফল্য অর্জিত হতে হবে এবং সেই সাফল্যের বৈধ প্রমাণপত্র থাকতে হবে। আবেদন করার সময় ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি দিলে আবেদন বাতিল হতে পারে। তাই ফর্ম সাবমিট করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

আরও পড়ুন: WhatsApp-এ চার্জ বসানোর জের, বিনামূল্যে চালু Arattai-র বিজনেস অ্যাপ

কোথায় আবেদন করবেন?

যোগ্য প্রার্থীরা আইটিবিপির অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত সর্বশেষ নির্দেশ, বিস্তারিত বিজ্ঞপ্তি এবং নির্দিষ্ট ক্রীড়া ইভেন্টের যোগ্যতা দেখে তারপর আবেদন করা উচিত।

Official Notice: Download Now

google button