প্রীতি পোদ্দার, কলকাতা: দরজায় কড়া নাড়ছে পুজো, এদিকে এখনও শেষ হচ্ছে না পুজোর শপিং। এদিকে এসবের তাড়াহুড়োয় রূপচর্চাও (Beauty Tips) ঠিক মতো করাও হচ্ছে না। সপ্তাহভর ব্যস্ততার কারণে সেভাবে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয়ে উঠছে না। এদিকে মুখে গ্লো কমছে ক্রমশ। তাই পার্লারের ভরসায় বসে না থেকে বাড়িতেই ত্বকের যত্ন নিয়ে ফেলুন কয়েকটি ফেসপ্যাকের (Face Packs for Instant Glow) ব্যবহারে। আমাদের আজকের প্রতিবেদনে দেওয়া হল বিশেষ ৩ ধরনের ফেসপ্যাকের সন্ধান।
কাঠবাদাম ও ওটস
চটজলদি মুখের গ্লো আনতে কাঠবাদাম এবং ওটসের জুড়িমেলা ভার। এর জন্য একটি বাটিতে কয়েকটি খোসা ছাড়ানো বাদাম বেটে নিয়ে তার সঙ্গে ওটস গুঁড়ো এবং সামান্য দই মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ভালো একটি ক্লিনজার দিয়ে ফেসওয়াশ করে নিতে হবে। মুখ ধুতে এই প্যাকটি লাগান। অন্তত ১৫ মিনিট রেখে দিন। এরপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে তুলে দিন। দেখবেন প্রথম ব্যবহারেই মুখের জেল্লা অনেকটাই ফিরে আসবে।
আলু-বেসনের ফেস প্যাক
আলুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করে তোলে। তাইতো ত্বকের ট্যানিং, পিগমেন্টেশন এবং দাগ অপসারণে এটি সহায়তা করে। তাই ত্বকের জন্য ব্যবহার করতে পারেন আলুর এক অসাধারণ ফেস প্যাকটি। এর জন্য একটি বাটিতে ২ চা চামচ আলুর রস, ১ চা চামচ বেসন এবং ১ চিমটি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর সেই মিশ্রণটি হালকা হাতে ম্যাসাজ করার ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে।
আরও পড়ুন: পুজোর আগে বাড়িতেই করে ফেলুন পেডিকিওর, দূর হবে পায়ের ট্যান
শসা ও মধুর প্যাক
আমরা সকলেই জানি শসা যেমন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তেমনই শসা মুখের গ্লো আনতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। আর তার সঙ্গে যদি মধু মেশান তাহলে তো সোনায় সোহাগা। প্রথমে এই ফেস প্যাকটি বানানোর জন্য অর্ধেকটা শসা মিক্সিতে বেটে নিতে হবে। এরপর তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি মুখে লাগিয়ে নিতে হবে। এরপর মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে ফেললেই চটজলদি জেল্লা ফিরে আসবে।










