প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে একটু বেশি ঘাম হলেই পছন্দের সাদা কিংবা হালকা রঙের জামার বারোটা বেজে যায়। কলার ও বগলে এমন বিচ্ছিরি হলুদ দাগ (Yellow sweat stains) বসে যায় যে পুনরায় সেই জামা একদমই পরা যায় না। যদিও অনেকেই এই দাগ তুলতে সাবান দিয়ে জোরে ঘষাঘষি (Cleaning Tips) করে কিন্তু কিছু এসে যায় না উলটে কাপড় পাতলা হয়ে যায়। সে যতই ভালো ডিটারজেন্ট থাকুক না কেন। তবে চিন্তা নেই, কিছু সহজ ঘরোয়া উপায় জানলে খুব সহজেই ঘামের দাগ তোলা যাবে।
লেবুর রস
জামার হলুদ দাগ তুলে দেওয়ার জন্য লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কাপড়ের যে কোনও জেদি দাগ তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ লেবুর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড থাকে যা দাগ হালকা করতে সাহায্য করে। তাই জামাকাপড় ধোয়ার সময় লেবুর রস ও জল মিশিয়ে দাগের উপর লাগিয়ে সামান্য ঘষে ধুয়ে ফেললে দাগ দ্রুত উঠে যাবে।
বেকিং সোডা
জামার হলুদ দাগ তোলার জন্য অত্যন্ত পরিচিত আরও একটি উপায় হল বেকিং সোডা। বেকিং সোডা ও জল মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে, দাগ হালকা করে দেয়। পরে পুরনো কোনও নরম টুথব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায় জামা। তাইতো এই উপাদানকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয়।
বাসন মাজার তরল সাবান
জামার দাগ তোলার জন্য বাসন মাজার তরল ব্যবহার করা হয় থাকে। প্রথমে দু’ভাগ হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে এক ভাগ লিকুইড ডিশ ওয়াশ মিশিয়ে নিন। জামার কলার বা বগলের দাগের অংশে এক ঘণ্টা মত মাখিয়ে রেখে দিন। এরপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেললেই কলারের তেলতেলে ময়লাও পরিষ্কার হয়ে যাবে।
অ্যাসপিরিন ট্যাবলেট
মাথা ব্যথার ওষুধ অ্যাসপিরিন দিয়েও জামার দাগ তোলা যায়। জামার জেদি ঘামের দাগ তোলার জন্য দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে গরম জলে মিশিয়ে দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে ঘামের দাগ দূর হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে ঘষে ভালো করে ধুয়ে বলেই হলুদ ঘামের দাগ তোলা সম্ভব হবে।
অক্সিজেন পাউডার ব্লিচ
জামার দাগ তুলতে অক্সিজেন ব্লিচ ব্যবহার করা হয়। এর জন্য ঈষদুষ্ণ জলে এক চামচ অক্সিজেন পাউডার ব্লিচ মিশিয়ে জামাটি ৪ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এতে কাপড়ের ক্ষতি না করেই নতুনের মতো উজ্জ্বলতা ফিরে আসবে। তবে পরিমাণ সামান্য রাখাই ভালো।










