আনিষা চৌধুরী, কলকাতা: লেবু থেকে রস বের করার পর খোসাটা অনেকেই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেন। কিন্তু আপনি কি জানেন সেই ফেলে দেওয়া খোসা দিয়েই ঘরে তৈরি করা যায় ত্বকের জন্য একটি সহজ সিরাম? লেবুর খোসায় থাকা ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণ কাজে লাগিয়ে এই সিরাম (Vitamin C Serum) সহজেই তৈরি করে নেওয়া যায়। ত্বকের বিবর্ণতা, কালচে দাগ বা অসমান রং ইত্যাদি ঠিক করতে এবং ত্বকের যত্ন নিতে অনেকেই ভিটামিন C-যুক্ত সিরাম ব্যবহার করেন। তবে বাজারের দামি দামি প্রোডাক্টের বদলে ঘরোয়া উপায়ে কিছু বানাতে চাইলে এই পদ্ধতিটি একবার চেষ্টা করে দেখতে পারেন।
তৈরি করতে কী কী লাগবে?
এর জন্য প্রয়োজন হবে সামান্য কয়েকটি উপকরণের। এগুলি হল ২-৩টি তাজা লেবুর খোসা, ৪ টেবিল চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, আধ চা চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল বা বাদাম তেল, ১টি ভিটামিন E ক্যাপসুল এবং ১ চা চামচ গ্লিসারিন। প্রথমে লেবুগুলি ভালো করে ধুয়ে শুধু বাইরের হলুদ বা সবুজ অংশটি ছাড়িয়ে নিতে হবে। খোসার ভেতরের সাদা অংশ যতটা সম্ভব বাদ দেওয়াই ভালো।
কীভাবে তৈরি করবেন?
একটি কাচের পাত্রে খোসার সঙ্গে গোলাপ জল দিয়ে সেই পাত্রটি গরম জলের উপর রেখে কম আঁচে প্রায় ৮-১০ মিনিট গরম করতে হবে। গরম করার পর মিশ্রণটি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তারপর পরিষ্কার পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যে লেবুর খোসা ছেঁকে শুধু তরল অংশটি আলাদা করে নিতে হবে। এবার তার সঙ্গে অ্যালোভেরা জেল, বাদাম তেল বা নারকেল তেল, গ্লিসারিন এবং একটি ভিটামিন E ক্যাপসুলের ভিতরের তেলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর চামচ দিয়ে প্রায় দুই মিনিট ভালোভাবে মেশালে একটি মসৃণ মিশ্রণ তৈরি হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভিটামিন সি সিরাম। এই মিশ্রণটিকে একটি পরিষ্কার, শুকনো কাচের ড্রপার বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন।
আরও পড়ুন: বাড়ি থেকে ইঁদুর-ছুঁচো তাড়ানোর সহজ উপায়
রাতে ব্যবহারের নিয়ম
রাতে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর ৩-৪ ফোঁটা সিরাম মুখ ও গলায় লাগিয়ে নিন। মনে রাখবেন, আঙুলের ডগা দিয়ে খুব হালকা হাতে সিরামটি লাগাতে হবে। এই ঘরোয়া সিরামটি ফ্রিজে রেখে প্রায় ১০-১২ দিন ব্যবহার করা যেতে পারে। তবে লেবু-জাতীয় উপাদান ত্বকে কারও কারও ক্ষেত্রে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে, তাই প্রথমবার পুরো মুখে লাগানোর আগে অল্প জায়গায় ব্যবহার করে দেখে নেওয়াই নিরাপদ।










