বাড়ির টবেই লেবু চাষ করে মোটা অঙ্কের টাকা আয়ের সুযোগ, রইল সহজ পদ্ধতি

Published:

Grow Lemon plant

আনিষা চৌধুরী, কলকাতা: কখনও কাঁচা লঙ্কা আবার কখনও ধনেপাতা। এই ছোটখাটো জিনিসের জন্য বারবার বাজারে ছুটতে কার ভালো লাগে? নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেশি করে বাড়িতে মজুত রাখাও যায় না। বাড়ির বারান্দা কিংবা ছাদে একটু জায়গা থাকলেই কিন্তু তৈরি করা যায় ছোট্ট কিচেন গার্ডেন (Kitchen Garden)। ধনেপাতা, পুদিনা, লঙ্কার পাশাপাশি চাইলে সেখানেই ফলাতে পারেন পাতি লেবু (Lemon Plant)। তার জন্য বাজার থেকে চারা কিনে আনার প্রয়োজন নেই। একটি পাকা লেবুর বীজই যথেষ্ট। তবে বীজ পোঁতার আগে টব, মাটি এবং জল দেওয়ার বিষয়গুলি ঠিকভাবে জেনে নেওয়া জরুরি।

বীজ থেকে চারা তৈরি করবেন কীভাবে?

লেবুর জন্য অন্তত ১৪ থেকে ১৮ ইঞ্চি মাপের টব বেছে নিন। জায়গা বেশি থাকলে গ্রো ব্যাগও ব্যবহার করা যায়। মাটি তৈরির সময় সাধারণ মাটির সঙ্গে পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট এবং কিছুটা বালি মেশানো ভালো। অনুপাতে রাখতে পারেন ৪০ শতাংশ মাটি, ৪০ শতাংশ জৈব সার ও ২০ শতাংশ বালি। এর সঙ্গে অল্প নিমখোল মিশিয়ে নিলে বীজ বপন করার জন্য মাটি একেবারে তৈরি।

এবার একটি পাকা লেবু কেটে তুলনামূলক মোটা, সুস্থ ও ভালো বীজগুলি বের করে নিন। বীজের গায়ে লেগে থাকা লেবুর শাঁস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাটিতে প্রায় আধ ইঞ্চি গভীর করে বীজ পুঁতে হালকা মাটি দিয়ে ঢেকে দিন। জল ঢেলে মাটি ভিজিয়ে দেওয়ার বদলে স্প্রে করে আর্দ্রতা বজায় রাখাই ভালো। কারণ শুরুতেই বেশি জল পড়ে গেলে সমস্যায় পড়তে হতে পারে। সাধারণত ১০-১৫ দিনের মধ্যে চারা বের হবে। টবটি এমন জায়গায় রাখুন যেখানে হালকা রোদ পৌঁছয়।

গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে দরকার পরিচর্যা

চারা একটু বড় হলেই কাজ শেষ ভেবে টবটিকে এক পাশে রেখে দিলে কিন্তু চলবে না। এই গাছের বৃদ্ধিতে নিয়মিত পরিচর্যা দরকার। মাসে একবার পাতলা করে ছানার জল দেওয়া যেতে পারে। জলটা অবশ্যই ছেঁকে নেবেন। পাশাপাশি ১৫ দিন অন্তর মাটির উপরিভাগ আলতো করে খুঁচিয়ে দিলে মাটি শক্ত হয়ে যাওয়ার প্রবণতা কমে। শুকনো পাতা ও আগাছাও সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: জঙ্গলমহলের ‘ডুয়ার্স’, পুজোয় ঘুরে আসুন পাহাড়-বনে মোড়া এই জায়গা থেকে

গাছের বৃদ্ধির জন্য মাঝে মধ্যে ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার ব্যবহার করা যায়। মাটিতে নিমখোলও দেওয়া যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জল। টবে জল জমিয়ে রাখবেন না। উপরের মাটি শুকিয়ে গেলে তবেই প্রয়োজনমতো জল দিন। ঠিকমতো যত্ন নিলে ছোট্ট টবেই ধীরে ধীরে বেড়ে উঠবে আপনার নিজস্ব লেবু গাছ। গাছে লেবু ধরলে যেমন নিজে খেতে পারবেন তেমনি বিক্রি করে টাকাও উপার্জন করতে পারবেন। অর্থাৎ রথ দেখা আর কলা বেচা একসঙ্গেই।