প্রীতি পোদ্দার, কলকাতা: সময়ের সাথে সাথে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে আমাদের লাইফস্টাইল। একটা সময় ছিল যখন মানুষ বাড়িতে মাটির তৈরি উনুনে খাবার রান্না করা করত। কিন্তু এখন এমন প্রায় সব বাড়িতেই রান্নার কাজে গ্যাস সিলিন্ডার (LPG Gas) ব্যবহার করা হয়। কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। কারণ সিলিন্ডার থেকে গ্যাস লিক (Gas Cylinder Leakage) হলে মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
সিলিন্ডার লিক থেকে হতে পারে ভয়ংকর দুর্ঘটনা
বাড়িতে যখন এলপিজি সিলিন্ডার ব্যবহার করবেন তখন সবসময় গ্যাস সিলিন্ডারে কোনো লিকেজের সমস্যা আছে কিনা তা দেখে নেবেন। কারণ গ্যাস লিক থেকে আগুন লাগা, বিস্ফোরণ, এমনকী প্রাণহানির ঘটনাও ঘটে। কিন্তু কীভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে সেটা অনেকেই জানেন না, তাই তাদের জন্য আজকের এই প্রতিবেদন। জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া।
গ্যাস লিক চেক করার জরুরি টিপস
- সিলিন্ডারে যেখানে গ্যাস রেগুলেটর বসানো থাকে, সেখানে কয়েক ফোঁটা জল দিন। জল যদি একেবারেই ঠিক থাকে এবং নড়াচড়া না করে, তাহলে বুঝবেন সিলিন্ডারে গ্যাস লিকের সমস্যা নেই। কিন্তু যদি জলের ফোঁটায় বুদবুদ দেখা যায়, তাহলে বুঝবেন গ্যাস লিক হয়েছে।
- রান্না করার সময় যদি আপনি যখন গ্যাসের গন্ধ পান, তাহলে বুঝবেন গ্যাস লিক হচ্ছে। এমন পরিস্থিতিতে খুব সাবধানে কাজ করতে হবে, না হলে সমস্যা বাড়বে। তখন ভুলেও লাইটার জ্বালাবেন না। ঘরের দরজা-জানালা খুলে রেগুলেটর বন্ধ করে দিন। এর পরে গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন: জলের আয়রনে মুখ বন্ধ শাওয়ারের? এই ঘরোয়া টোটকায় মিলবে চটজলদি সমাধান
- অনেক সময় রাবারের পাইপ পুরনো হয়ে গেলে বা ফেটে গেলে গ্যাস বেরতে থাকে। তাই নিয়মিত পাইপ পরীক্ষা করা খুব জরুরি। এর জন্য গ্যাস পাইপের ওপর সাবান জল লাগালে যদি কোথাও বুদবুদ ওঠে, তাহলে বুঝতে হবে সেখান থেকেই গ্যাস লিক হচ্ছে। সঙ্গে সঙ্গে গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
- বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ গ্যাস দুর্ঘটনাই অসাবধানতার কারণে ঘটে। তাই একটু সচেতন থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব। কখনোই রান্নাঘরে ধূমপান করবেন না এবং রান্না শেষ হলে শুধু গ্যাস নয়, রেগুলেটরও বন্ধ করুন। পাশাপাশি বছরে অন্তত একবার গ্যাস লাইন পরীক্ষা করান।










