শ্রাবণ মাসে কেন মহিলারা সবুজ চুড়ি পরেন? জানুন আসল ইতিহাস

Published:

Sawan

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ মাস (Sawan) মানেই মহাদেবের মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে ধরা হয়। প্রতি সোমবার করে পালন করা হয় শিবের ব্রত। তবে এই মাস যে কেবল ভগবান শিবের (Shiva) তা কিন্তু নয় মা পার্বতীরও। আর সেই কারণেই এই মাসে বহু নারীর হাতেই দেখা যায় সবুজ রঙের চুড়ি (Green Bangles)। কিন্তু অনেকেই জানেন না যে এর নেপথ্যে কী কারণ রয়েছে, তাই আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এই প্রাচীন রীতির কিছু ধর্মীয় ইতিহাস সম্পর্কে।

শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়?

শ্রাবণ মাসে বর্ষার আগমনে চারপাশের প্রকৃতি সবুজ ও সতেজ হয়ে ওঠে। সেই সূত্রে অনেকেই মনে করেন, হয়তো প্রকৃতির এই রূপের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য অনেকে সবুজ পোশাক ও সবুজ চুড়ি পরেন। অন্যদিকে আবার লোকবিশ্বাস অনুযায়ী, কাচের চুড়ি নাকি বিবাহিত নারীর সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধির প্রতীক। আসলে কঠোর তপস্যার পর মা পার্বতী শ্রাবণ মাসেই শিবকে স্বামীরূপে লাভ করেছিলেন। তাই স্বামীর দীর্ঘায়ু কামনায় বহু নারী এই মাসে এই রঙের কাচের চুড়ি পরেন।

উত্তরপ্রদেশ ও বিহারে রয়েছে এই প্রথা

মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ ও বিহারের বহু অঞ্চলে শ্রাবণ মাসে বিবাহিত নারীদের কাচের চুড়ি পরার রীতি রয়েছে। বাঙালিদের মধ্যে এই প্রথা এর আগে খুব একটা দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ার দয়ায় শ্রাবণ মাসে “সবুজ সাজ”-এর এই প্রবণতা বা ট্রেন্ড বহু গুণ বেড়ে গেছে। শুধু তাই নয় সাংস্কৃতিক আদান-প্রদান, পারিবারিক সম্পর্ক এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বাংলাতেও এই রেওয়াজ ছড়িয়ে পড়েছে। এতে একদিকে দিয়ে লাভ করতে পারছেন চুড়ি ব্যবসায়ীরা। তবে এটি মনে রাখা জরুরি যে, কাচের চুড়ি পরা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়।

আরও পড়ুন: সিলিন্ডার থেকে লিক করছে গ্যাস? এখনই চেক করে নিন এই প্রক্রিয়ায়

প্রসঙ্গত, অবাঙালি উৎসব ‘হোরিয়ালী তিজ’ রাজস্থান, হরিয়ানা ও উত্তর প্রদেশে পালন করা হয় সেখানে বিশেষ করে সবুজ কাচের চুড়ি এবং সবুজ শাড়ি পরার রীতি আছে, যা বিবাহিত জীবনের সুখকে চিহ্নিত করে। যদিও আজকের দিনে অনেক নারী ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই সবুজ চুড়ি পরার ট্রেন্ডকে সাজের অনুষঙ্গ হিসেবে দেখবে।