অনন্যা সরকার, কলকাতা: বাবা-মায়েরা সন্তানের উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং তাদের বিয়ে নিয়ে চিন্তিত থাকেন। পরে যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে অনেকে সামর্থ্য মতো অল্প অল্প করে সঞ্চয় করতে শুরু করেন, আবার অনেকে একসাথেই বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে রাখেন। বিনিয়োগের বাজারে হাজার একটা বিকল্প আছে। তাই সঠিক বিনিয়োগ পদ্ধতিটি বেছে নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। প্রায় সমস্ত ব্যাংকই এফডি (Fixed Deposit/FD)-তে সুদ দেয়, কিন্তু এর সুফল তখনই পাওয়া যায় যখন গ্রাহকের টাকা সুরক্ষিত থাকে এবং ভালো রিটার্ন পাওয়া যায়। তাই, আপনিও যদি সন্তানের জন্য সঞ্চয় করে রাখতে চান তাহলে চলুন জেনে নিই এমন কিছু ব্যাংকের সর্ম্পকে, যারা বর্তমানে এফডি-তে ৮% বেশি সুদ দিচ্ছে।
কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে?
বেশি সুদ দেওয়ার ক্ষেত্রে বর্তমানে ক্ষুদ্রঋণ ব্যাংকগুলো (Small Finance Bank) এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের বেশকিছু স্মল ফাইন্যান্স ব্যাংক ৮%-এর কাছাকাছি ইন্টারেস্ট রেট অফার করে। এর মধ্যে রয়েছে –
- শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক – ৮.০০% পর্যন্ত
- জনা স্মল ফাইন্যান্স ব্যাংক – ৮.০০% পর্যন্ত
- ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক – ৮.০০% পর্যন্ত
- উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক – ৭.৮০% পর্যন্ত
- স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক – ৭.৭৫% পর্যন্ত
আরও পড়ুন: দায়ী একটি চেয়ার! ৩৮ মিনিট স্টেশনে ঠায় দাঁড়িয়ে রইল ট্রেন
এফডি-তে বেসরকারি ব্যাংকগুলো কত সুদ দিচ্ছে?
এফডি-র সুদের হারের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোও খুব একটা পিছিয়ে নেই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির থেকে। প্রাইভেট ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট করলে সর্বোচ্চ ৭.৫০% পর্যন্ত সুদ পাওয়া যায়। তবে মনে রাখবেন, বিভিন্ন মেয়াদের জন্য ব্যাংকগুলোর সুদের হার আলাদা হতে পারে। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ডিসিবি ব্যাংক (DCB Bank) এবং দ্বিতীয় স্থানে রয়েছে বন্ধন ব্যাংক (Bandhan Bank)। এই ব্যাংকগুলির ইন্টারেস্ট রেট হল –
- ডিসিবি ব্যাংক: সর্বোচ্চ ৭.৫০%
- বন্ধন ব্যাংক: সর্বোচ্চ ৭.৪৫%
- আইডিএফসি ফার্স্ট ব্যাংক: সর্বোচ্চ ৭.২৫%
- কোটাক মাহিন্দ্রা ব্যাংক: সর্বোচ্চ ৬.৮০%
- অ্যাক্সিস ব্যাংক: সর্বোচ্চ ৬.৫০%
- এইচডিএফসি ব্যাংক: সর্বোচ্চ ৬.৫০%
- আইসিআইসিআই ব্যাংক: সর্বোচ্চ ৬.৫০%
আরও পড়ুন: বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, এবার যা করবেন কর্মীরা
এফডি-তে সরকারি ব্যাংকগুলো থেকে কেমন সুদ পাওয়া যায়?
ফিক্সড ডিপোজিটের সুদের হারের ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো স্মল ফাইন্যান্স ব্যাংক বা প্রাইভেট ব্যাংকগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকতে পারে, গ্রাহকের টাকার নিরাপত্তা এখানে সব থেকে বেশি মেলে। তালিকার প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, যেখানে ৬.৮৫% পর্যন্ত ইন্টারেস্ট রেট মেলে। বাকি ব্যাংকগুলির সুদের হার হল –
- পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক: ৬.৮৫% পর্যন্ত
- ব্যাংক অফ ইন্ডিয়া: ৬.৮৫% পর্যন্ত
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া: ৬.৭৫% পর্যন্ত
- ব্যাংক অফ বরোদা: ৬.৭৫% পর্যন্ত
- ইন্ডিয়ান ব্যাংক: ৬.৬৫% পর্যন্ত
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক: ৬.৬০% পর্যন্ত
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই): ৬.৪৫% পর্যন্ত
জানিয়ে রাখি, বাজার বিশেষজ্ঞরা সবসময়ই বলেন যে, বিনিয়োগকারীর সবসময় নিজের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করা উচিত। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো টাকা রাখার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কিন্তু সুদের হার এখানে বেশি পাওয়া যায়। তাই, ঝুঁকি নিতে পারলে তবেই এখানে বিনিয়োগ করা উচিত। কিন্তু যদি চান আপনার টাকা সুরক্ষিত থাকুক, তাহলে সরকারি ব্যাংকগুলিকেই বেছে নেওয়া সবচেয়ে ভালো।










