ঝরনা, ড্যাম থেকে সবুজ পাহাড়, কলকাতার অদূরেই রয়েছে ছবির মতো সুন্দর স্বর্গীয় জায়গা

Published:

bangriposi

সহেলি মিত্র, কলকাতাঃ যা গরম পড়েছে তাতে করে ঘরে টেকা দায়। এদিকে স্কুল, কলেজেও ছুটি পড়ে গিয়েছে। বলা হয় বাঙালির পায়ের তলায় সর্ষেফুল। আর এখন সেই সর্ষেফুল কোথাও ঘুরতে যাওয়ার জন্য আরও চাগাড় দিয়ে উঠছে সকলের। তাই অনেকেই কোথাও না কোথাও ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়ছেন। আপনিও কি এমন এক জায়গা খুঁজছেন যেখানে থাকবে না কোনও কোলাহল, শুধু থাকবে ঠান্ডা আবহাওয়া, সবুজ পাহাড় এবং ঘন জঙ্গল? তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন ওড়িশার বুকে থাকা এক স্বর্গীয় জায়গা থেকে।

গরম থেকে বাঁচতে ঘুরে আসুন বাংরিপোসি থেকে

ওড়িশার (Odisha) বাংরিপোসি (Bangriposi) প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। ঘুরতে ভালোবাসেন অথচ বাংরিপোসি যাননি এরকম ভ্রমণপিপাসু মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ছোট্ট পাহাড়ি জনপদ বাংরিপোসিতে প্রকৃতি যেন সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে বলে মনে হতে বাধ্য আপনার। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, কুয়াশা ঢাকা সকাল আর ঝরনার সুরে ভরা এই জায়গা এখন পর্যটকদের অন্যতম পছন্দের সেরা উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠছে।

কী কী দেখবেন?

সবথেকে বড় কথা, এই বাংরিপোসিতে আপনি খুব একটা গরমও পাবেন না। কলকাতা থেকে ট্রেনে করে আপনি এখানে আসতে পারেন। এছাড়াও কলকাতার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে বাসে করে এই বাংরিপোসিতে যেতে পারেন। সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র ‘বাংরিপোসির দু রাত্তির’ বইতে লেখকের যেমন বর্ণনা পড়েছেন একদম তেমনই চাক্ষুস দেখতে পাবেন জায়গাটির সৌন্দর্য। অকৃত্রিম নির্জনতা যেন জায়গাটিকে গ্রাস করে আছে বলে মনে হবে। বাংরিপোসি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে আপনার আর ফিরে যেতে মন চাইবে না।

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা ঠিকানা, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের লুকোনো রত্ন থেকে

মনে হবে অন্য এক জগতে পা রেখেছেন। কথা হচ্ছে নেদাম ড্যাম নিয়ে। এরকম সুন্দর জায়গা হয়তো আপনি জীবনে খুব কমই দেখে থাকবেন। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড় আর গভীর জঙ্গল, আর তাদের মাঝখানে শান্ত নীল জলের এই ড্যাম আপনার মন ভালো করে দিতে বাধ্য। পুরো ড্যামটা চাইলে পায়ে হেঁটে ঘুরে দেখা যায়। সে এক অপার শান্তি উপভোগ করতে পারবেন এখানে। বাংরিপোসির অন্যতম বড় আকর্ষণ হল সিমলিপাল অরণ্যের কাছাকাছি অবস্থান। জঙ্গলের গভীরে রয়েছে নানা বন্যপ্রাণী, বিরল পাখি এবং অসংখ্য ঝরনা। কাছেই রয়েছে দেবকুণ্ড জলপ্রপাত।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেনে কিংবা বাসে করে আপনি পৌঁছে যেতে পারেন বাংরিপোসি। বাসে করে যদি বলি, এসপ্ল্যানেড থেকে বারিপদ যেতে হবে এরপর সেখান থেকে অটো ধরে আপনি পৌঁছে যেতে পারবেন বাংরিপোসি। এছাড়া ট্রেনে করে যেতে হলে আপনাকে কলকাতা থেকে বালাসোর আসতে হবে। এরপর সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন আপনার ডেস্টিনেশন।