LPG থেকে ফিক্সড ডিপোজিট, ATM! ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Published:

September Rules Change

সৌভিক মুখার্জী, কলকাতা: আর দু’দিন বাদেই সেপ্টেম্বর। নতুন মাস মানেই একাধিক নিয়মে পরিবর্তন। এলপিজির দাম থেকে শুরু করে বিমানের জ্বালানি, এটিএম-র নিয়মে পরিবর্তন বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট, আসছে একাধিক বদল। এমনকি এই সমস্ত পরিবর্তনগুলি (September Rules Change) সরাসরি সাধারণ মানুষের বাজেটের উপরেই পড়ে। তাই মাস শুরু হওয়ার আগেই এই পরিবর্তনগুলি জেনে নেওয়া জরুরি।

এলপিজির দাম পরিবর্তন

প্রতি মাসের শুরুতেই তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজির দাম সংশোধন করে থাকে। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাথাচাড়া দিয়ে বাড়ছে গ্যাসের দাম। ঘরোয়া গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম লাগামছাড়া বাড়ছে। যদিও সম্প্রতি দু’মাস কিছুটা দাম কমেছিল। তবে সেপ্টেম্বরে দাম বাড়বে নাকি কমবে, তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু গ্যাসের দাম বাড়লে মধ্যবিত্তদের বাজেটের উপরেই পড়বে চাপ।

এলপিজি বুকিংয়ের নিয়মে পরিবর্তন

আগামী ১ সেপ্টেম্বর থেকে এলপিজি বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আসতে পারে। যাঁরা ২৩ আগস্টের মধ্যে এলপিজির ই-কেওয়াইসি করাতে পারেননি, তাঁদের জন্য শেষ তারিখ রাখা হয়েছে ৩১ আগস্ট। তবে ১ সেপ্টেম্বর থেকে আর ই-কেওয়াইসি করানো লাগবে না। যাঁদের ই-কেওয়াইসি নেই, তাঁদের গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে। তাই সময় থাকতেই কাজটি সম্পন্ন করে নেওয়া উচিত। নাহলে ১ সেপ্টেম্বর থেকে পরিষেবা পেতে ঝামেলা পোহাতে হবে।

ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়ম

ব্যাংকের ফিক্সড ডিপোজিট সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে পারে আগামী ১ সেপ্টেম্বর। এবার থেকে ৩ কোটি বা তার বেশি অংকের আমানতের ক্ষেত্রে ব্যাংককে প্রতিটি কার্যদিবসে সকাল ১০:১০ মিনিটের মধ্যেই তাদের ওয়েবসাইটে সুদের হার জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এমনকি একই দিনে জমা করা একই পরিমাণ টাকার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন শাখা আলাদা হারে সুদ দিতে পারবে না।

এটিএম-র চার্জে পরিবর্তন

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম-র চার্জ সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে। মনে করা হচ্ছে, ব্যাংক অফ ইন্ডিয়া সহ বেশ কিছু ব্যাংক এবার অতিরিক্ত লেনদেনের জন্য চার্জ বাড়াতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি গ্রাহকদের পকেটের উপর। তাই আগেভাগে এই নিয়ম সম্পর্কে অবগত হয়ে লেনদেন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন: এনডিএ-র ক্ষতি! আজ ভোট হলে কটা আসন পাবে বিজেপি, কংগ্রেস? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

আয়করের নিয়মে পরিবর্তন

যদি কোনও ব্যবসা বা পেশা থেকে আপনি আয় করে থাকেন, তাহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার সঠিক ফর্ম বেছে নেওয়া জরুরি। তবে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আগামী ৩১ আগস্টের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় বিলম্ব হলে জরিমানা গুনতে হতে পারে। তাই মাস শেষের আগেই নিয়মগুলি সম্পর্কে আগেভাগে অবগত হয়ে আর্থিক পরিকল্পনা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।