এনডিএ-র ক্ষতি! আজ ভোট হলে কটা আসন পাবে বিজেপি, কংগ্রেস? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

Published:

August MOTN survey result

অনন্যা সরকার, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে যদি লোকসভা ভোট হয় তাহলে কাদের দিকে পাল্লা ভারী – তা নির্ধারণ করতে ‘ইন্ডিয়া টুডে’ (India Today) ও ‘সিভোটার’ (CVoter) মিলিত হয়ে ‘মুড অফ দ্য নেশন’ (MOTN Survey) নামক একটি সমীক্ষা পরিচালনা করেছে, যা থেকে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। এই সমীক্ষা অনুযায়ী, আজ লোকসভা নির্বাচন হলে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA) তাদের ক্ষমতা ধরে রাখতে পারলেও, তাদের জনপ্রিয়তায় কিছুটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ভোট হলে এনডিএ ৩২৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, গত জানুয়ারি মাসে এমওটিএন সমীক্ষায় শাসকদলের জোট ৩৫২টি আসন পাবে পূর্বাভাস দেওয়া হয়েছিল। অর্থাৎ, বর্তমান সমীক্ষার থেকে ২৬টি আসন বেশি। 

ইন্ডিয়া টুডে ও সিভোটারের মিলিত সমীক্ষায় উঠে এল আকর্ষণীয় তথ্য

২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘৪০০ পার’-এর স্লোগান দিয়েছিলেন, বর্তমানের পূর্বাভাস তার চেয়ে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও, পরিসংখ্যান বলছে যে ভোটারদের আস্থা এনডিএ-র ওপর অটুট রয়েছে। যদিও আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে ‘জেন-জি’ (Gen Z) ভোটারদের মন জয় করার চ্যালেঞ্জও এখন রয়েছে তাদের সামনে।

অন্যদিকে, বর্তমান সমীক্ষায় গত জানুয়ারি মাসের সমীক্ষার তুলনায় ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের আসন সংখ্যায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। সাম্প্রতিকতম সমীক্ষায় কংগ্রেস-নেতৃত্বাধীন জোট ১৮৫টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে জানুয়ারির সমীক্ষায় এই সংখ্যাটিই ছিল ১৮২। তবে ২০২৪ সালের নির্বাচনে ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জয়লাভ করেছিল, যা বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের একটি বড় সাফল্য ছিল। তার তুলনায় সাম্প্রতিক সমীক্ষায় উঠে আসা সংখ্যাটি অনেকটাই কম।

আরও পড়ুন: ‘প্রতি বিধানসভায় ১০০ অটোরিকশা, টাটা ম্যাজিক গাড়ি …’ বেকারদের কর্মসংস্থানে বড় ঘোষণা

প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রায় দুই দশক ধরে ‘ইন্ডিয়া টুডে গ্রুপ’-এর উদ্যোগে পরিচালিত হয়ে আসছে ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা, যা বছরে দুবার পরিচালিত হয়। আগস্ট মাসের এই সমীক্ষাটি পরিচালনা করেছে ‘সিভোটার’ (CVoter), এতে ১ জুলাই থেকে ২৫ আগস্টের মধ্যে সরাসরি ২৫,১৮৪ জন মানুষের মতামত গ্রহণ করা হয়েছে। এছাড়া, সিভোটারের নিয়মিত ট্র্যাকিং প্রক্রিয়ার অংশ হিসেবে গত ছ’মাসে সংগ্রহ করা আরও ৯১,৭৯৫টি সাক্ষাৎকারের তথ্যও এই সমীক্ষার সিদ্ধান্তে আসতে সাহায্যে করেছে।

এই সমীক্ষায় দলভিত্তিক আসন সংখ্যার ক্ষেত্রে আকর্ষণীয় তথ্য উঠে এসেছে। আগস্টের সমীক্ষা দেখা গেছে, এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি ২৬১টি আসন পেতে পারে। যেখানে ছয় মাস আগের সমীক্ষায় ২৮৭টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২-এর ‘ম্যাজিক ফিগার’ বা গরিষ্ঠতার সংখ্যার চেয়েও বেশি ছিল। তবে বর্তমান পূর্বাভাসটি ২০২৪ সালের নির্বাচনে বিজেপির পাওয়া ২৪০টি আসনের তুলনায় বেশ ভালোই। তবে, এই সমীক্ষা বিজেপির প্রতি জনসমর্থনে কিছুটা ভাটার ইঙ্গিত করছে। 

আরও পড়ুন: সরকারি কাগজে আছে অস্তিত্ব, কিন্তু খুঁজে পাবেন না দিঘার এই ১৪টি গ্রাম! কারণ কী?

অন্যদিকে, কংগ্রেসের জন্য এই সমীক্ষার ফলাফল বেশ আশাব্যঞ্জক। বিজেপিকে কোণঠাসা করতে রাহুল গান্ধী এক নতুন কৌশল অবলম্বন করেছেন। লেটেস্ট সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে, দলটি ১০৬টি আসন জিততে পারে, যা জানুয়ারি মাসের সমীক্ষা করা ৮০টি আসনের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমনকি গতবছর আগস্টের সমীক্ষায় করা ৯৭টি আসনের পূর্বাভাসের চেয়েও এই সংখ্যাটি বেশি।

ভোটের শতাংশের (vote share) হিসেবে, এনডিএ-র ক্ষেত্রে জানুয়ারি মাসের এমওটিএন সমীক্ষায় বলা ৪৭ শতাংশের তুলনায় বর্তমান সমীক্ষায় সামান্য কমে ৪৫.১ শতাংশ হয়েছে। গত আগস্ট মাসের সমীক্ষায় ৪৬.৭ শতাংশ ভোট পাওয়ার পূর্বাভাসের চেয়েও এটি কম। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে এনডিএ ৪৪ শতাংশ ভোট পেয়েছিল। ‘ইন্ডিয়া’ জোটের ক্ষেত্রে সাম্প্রতিকতম সমীক্ষায় ৩৯.১ শতাংশ ভোট পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জানুয়ারি মাসের এমওটিএন সমীক্ষার ৩৯ শতাংশ পূর্বাভাসের তুলনায় সামান্য বৃদ্ধি।