সহেলি মিত্র, কলকাতাঃ কনকনে শীতে জুবুথুবু বাংলা। এখনই যে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে যাবে কে ভাবতে পেরেছিল। আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই শীতের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরের আবহাওয়ার উপর বর্তমানে বিশেষ নজর রাখছেন। এদিকে শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে (Weather Today) বাংলা। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও কুয়াশার আমেজ। ভালোই শীত রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় শীতের আধিক্য এদিন বেশি থাকবে। সর্বনিম্ন পারদ ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে বলে খবর।
সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:চায়ের দোকানে চুরি, প্রতিবন্ধী রাহুলকে নতুন করে বাঁচার সাহস জোগালেন মন্ত্রী অগ্নিমিত্রা
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমতল অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বাড়ছে। পাহাড়ি অঞ্চলে অবশ্য শীতের প্রভাব অনেক বেশি থাকবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর। এক কথায় রাজ্য জুড়ে তীব্র পারদ পতনের ধারাবাহিকতা আপাতত কয়েকদিন বজায় থাকবে।
আগামীকালের আবহাওয়া
রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, জেলায় জেলায় জাঁকিয়ে শীতের ব্যাপক স্পেল থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গে কনকনে উত্তুরে হাওয়া বইবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে—বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা দ্রুত কমে যাবে এদিন। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।


