প্রীতি পোদ্দার, কলকাতা: মনসা পুজোর দিন এবং নাগপঞ্চমীর দিন দেখা যায় সকল ভক্তরা সাপের (Snakes) উদ্দেশে দুধ এবং কলা প্রদান করে। কিন্তু প্রশ্ন একটাই সাপ কি সত্যিই দুধ পান (Snake Milk Truth) করে? এটা নিয়ে নানা প্রশ্ন আছে৷ এমনকি সাপকে দুধ (Milk) খাওয়ানো নিয়ে নানা মতামতও রয়েছে একেক জনের৷ আর এই কারণেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সাপ দুধ পান করে, কিন্তু এবার প্রকাশ্যে এল আসল সত্য।
সাপ কি দুধ খেতে পারে?
সাপ একটি সরীসৃপ প্রাণী এবং সম্পূর্ণভাবে মাংসাশী। বিজ্ঞানীদের মতে সাপের পাচনতন্ত্রে দুগ্ধজাত শর্করা বা ল্যাকটোজ হজম করার মতো কোনও উৎসেচক থাকে না। তাই সেক্ষেত্রে সাপ কিছুতেই দুধ পান করতে পারে না। সাপ শুধুমাত্র ইঁদুর, ব্যাঙ, টিকটিকি বা ছোট পাখি খেয়েই বেঁচে থাকে। তবে সাপুড়েরা যখন খেলা দেখান, সেখানে দেখা যায় তাঁদের সাপ দুধ খাচ্ছে, সেটা কী আদৌ সম্ভব? এই নিয়ে বিভিন্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞ নানা মতামত জানিয়েছেন। আর সেই মতামত প্রকাশ্যে আসতেই মানুষের মনে নানা কৌতূহল তৈরি হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর চিড়িয়াখানার কিউরেটর নিহার পারুলেকার বলেছেন যে সাপকে দুধ খাওয়ানোর নেপথ্যে রয়েছে সাপুড়েদের এক কারসাজি।
কী বলছেন বিজ্ঞানীরা?
নিহার পারুলেকার জানিয়েছেন যে, “ সাপুড়েরা উৎসবের অন্তত ১৫ থেকে ২০ দিন আগে জঙ্গল থেকে সাপ ধরে এনে সেগুলির বিষদাঁত ভেঙে দেয় এবং উপড়ে ফেলা হয় বিষগ্রন্থি। অর্থাৎ সাপের বিষ সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় অত্যাচার। সপ্তাহ খানেক ধরে সাপগুলোকে কোনও খাবার বা এক ফোঁটা জলও দেওয়া হয় না। শেষে সাপের শরীর যখন মারাত্মকভাবে ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে পড়ে তখন তারা মৃত্যুর মুখোমুখি হয়, তখন তাদের সামনে দুধ রাখা হয়। আর তখন সাপ তার তৃষ্ণা মেটাতে ও বাঁচার তাগিদেই দুধ পান করে।
আরও পড়ুন: জানেন কেন ABCD-র বদলে কীবোর্ডে QWERTY লেআউট থাকে? রইল তথ্য
বিজ্ঞানীরা জানাচ্ছেন, দুধ খেলে সাপের শরীর আরও খারাপ হয়ে যায়। কারণ যেহেতু তাদের শরীরে ল্যাকটোজ হজম করার কোনো ব্যাকটেরিয়া নেই, তাই সাপের পেটে প্রচণ্ড সংক্রমণ ও অ্যালার্জি দেখা দেয়। আবার এমনও দেখা গিয়েছে যে দুধ খেতে গিয়ে সাপেদের শ্বাসনালী ও ফুসফুসে দুধ ঢুকে পড়ে এবং নিউমোনিয়া হয়। কিছুদিন পর সাপ মারা যায়।










