প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক সময় দেখা যায়, ঘুম থেকে ওঠার পরেই মাটিতে পা রাখতে খুব কষ্ট হয়। গোড়ালিতে তীব্র যন্ত্রণা হয়। এমনকি যখনই পা-টাকে সামান্য বিশ্রামে রাখা হয় তারপরেই শুরু হয় গোড়ালি ব্যথা (Heel Pain)। পরে যদিও সারা দিন কাজকর্মের পর সেই ব্যথা আপনা থেকেই খানিকটা কমে যায়। আবার পরে বিশ্রাম দিলেই চলাচল করার সময় সেই তীব্র যন্ত্রণা আবার ফিরে আসে। অনেকেই এই সমস্যায় ভোগেন। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি টোটকা (Health Tips) নিয়ে হাজির হয়েছে এই ব্যথা কমানোর জন্য।
বরফ সেঁক
পায়ের এই গোড়ালি ব্যথা কমানোর জন্য বরফ খুব কার্যকরী উপাদান। ভালভাবে ঠান্ডা বরফের সেঁক দিলে এই ব্যথা কমে যাবে। দিনে অন্তত ১৫-২০ মিনিট বরফ সেঁক দিন। তা হলে শীঘ্রই এই ব্যথার উপদ্রব কমবে। এছাড়াও ঘুম থেকে উঠে নীচে নামার আগে খাটেই পা স্ট্রেচ করুন, এর ফলে মাটিতে পা রাখতে গেলে খুব একটা ব্যথা অনুভব হবে না।
দরকার সঠিক জুতো
পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য সঠিক জুতো পড়া খুব জরুরি। কারণ কিছু কিছু জুতোর আকার এবং হিলের জন্য গোড়ালি ব্যথা বেশ বেড়ে যায়। তাই অবশ্যই জুতো বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বেশ কয়েকজন চিকিৎসকের মতে অর্থটিক্স জুতো পরলে বেশ আরাম হবে পায়ে।
বল দিয়ে ব্যায়াম
পায়ের গোড়ালি ব্যথা কমাতে ব্যায়াম করা খুব জরুরি। একটি টেনিস বল পায়ের পাতার তলায় রেখে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত ঘোরান। শুধু সকালে নয়, দিনের যে কোনও সময়েই তা করতে পারেন। বলটি ঘোরানোর সময়ে হাল্কা করে তার উপর চাপ দেবেন, এতে ব্যথা অনেকটাই যেমন কমবে ঠিক তেমনই আরাম পাওয়া যাবে।
আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপা পেতে আজ থেকেই চাল দিয়ে করুন এই কাজ, মিলবে দারুণ ফল
ওজন নিয়ন্ত্রণ জরুরি
জানা গিয়েছে, শরীরের ওজন বেশি থাকলে পায়ের গোড়ালি ব্যথা বাড়ে। কারণ শরীরের এই ওজনের চাপ ধরে রাখে দুটি পা, তাই অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখা বেশ জরুরি। প্রতিদিন যোগ ব্যয়াম বা জিম করলে এবং বাইরের জাঙ্ক ফুড বাদ দিয়ে বাড়ির বানানো পুষ্টিকর খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো, এতে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে।










