অনন্যা সরকার, কলকাতা: স্মার্টফোন ব্যবহারের সময় সিগন্যাল বারের পাশে ৫জি (5G) লেখা তো দেখেই থাকবেন, কিন্তু কখনও কি ৫জি++(5G Plus Plus) লেখাটি দেখেছেন? অনেকে মনে করেন এটি ৬জি বা ৫জি-এর চেয়ে উন্নত নেটওয়ার্ককে বোঝায়। কিন্তু না, এটি আসলে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাথে সম্পর্কিত। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ফোনগুলি নির্দিষ্ট একটি সময়ে একটি টাওয়ারের একটি ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথেই যুক্ত থাকে। কিন্তু যদি স্মার্টফোনে ৫জি++ লেখাটি দেখা যায় তাহলে বুঝতে হবে ফোনটি সেই মুহূর্তে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে যুক্ত আছে। একেই বলে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন। তবে এখন প্রশ্ন হল ‘৫জি++’ সাধারণ ৫জি-এর থেকে কতটা আলাদা? আর এটি চালু করতে কি কোনও নির্দিষ্ট সেটিংস অন করতে হয়? আসুন জেনে নিই।
৫জি++ এর মানে কী?
৬জি প্রযুক্তির মতো নেটওয়ার্কের নতুন প্রজন্ম নয় ৫জি++। তবে এটিকে বিদ্যমান ৫জি নেটওয়ার্ককে আরো দ্রুত করার একটি উপায় বলা যেতে পারে। তবে প্রযুক্তির ভাষায় এটি হলো ক্যারিয়ার অ্যাগ্রিগেশন। সহজ ভাবে বললে, ৫জি++ চিহ্নটি তখনই দেখা যায় যখন কোনও ডিভাইস দুই বা তার অধিক ৫জি ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই অবস্থায় ডিভাইসে ডেটা পৌঁছানোর রাস্তা একের চেয়ে বেশি হয়।
কীভাবে এনেবল করা যায় ৫জি++ ?
সরাসরি ৫জি++ চালু করার কোন সেটিং ডিভাইসে খুঁজে পাওয়া যাবে না। তবে ৫জি সম্পর্কিত সমস্ত সেটিংগুলি অন রাখতে হবে। এরপর গ্রাহকের নেটওয়ার্ক প্রোভাইডার যদি সেই অঞ্চলে সার্ভিসটি চালু করে, তবে স্বয়ংক্রিয়ভাবেই ৫জি++ দেখা যাবে ডিভাইসে। যদি ৫জি+ও দেখা যায় তাহলে বুঝতে হবে ক্যরিয়ার অ্যাগ্রিগেশন ব্যবহার হচ্ছে।
ক্যারিয়ার অ্যাগ্রিকেশন চালু হলে স্বয়ংক্রিয়ভাবে ৫জি++ পাওয়ার জন্য আপনার ফোনে কয়েকটি ৫জি সম্পর্কিত সেটিংস এখন থেকেই অন করে রাখুন। এর মধ্যে একটি হল নেটওয়ার্ক মোড ৫জি অটো/প্রেফার ৫জি-তে সেট করা। তার জন্য আপনার স্মার্টফোনের সেটিংসের কানেকশন অপশনে গিয়ে নেটওয়ার্ক অপশনে ক্লিক করে নেটওয়ার্ক মোড হিসাবে ৫জি/এলটিই/৩জি/২জি (অটো কানেক্ট) বা প্রেফার ৫জি-কে বেছে নিতে হবে। আর আইফোনের ক্ষেত্রে মোডটি সেট করতে সেটিংসে গিয়ে তারপর সেলুলার অপশন বেছে নিয়ে সেলুলার ডেটা অপশনে ক্লিক করে ভয়েস অ্যান্ড ডেটা-তে গিয়ে ৫জি অটো বা ৫জি অন নির্বাচন করতে হবে।
এছাড়া, ৫জি স্ট্যান্ড অ্যালোন অন করে রাখতে পারেন, যার ফলে মোবাইল শুধুমাত্র ৫জি নেটওয়ার্কই ব্যবহার করবে। এটি ফোনে ৫জি++ প্রদর্শিত হওয়া নিশ্চিত করবে। এর জন্য অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্কস বা ডেভেলপার অপশনসের মধ্যে থেকে ৫জি স্ট্যান্ডঅ্যালোন (SA) বেছে নিতে হবে। আর আইফোনের ক্ষেত্রে একইভাবে সেটিংসে গিয়ে সেলুলার অপশনের মধ্যে সেলুলার ডেটা বেছে নিয়ে ভয়েস অ্যান্ড ডেটা-এর অধীনে ৫জি স্ট্যান্ডঅ্যালোন বাটনটি অন করতে হবে।
আরও পড়ুনঃ গৃহবধূরা মাসে ৩০ হাজার টাকা পাওয়ার দাবি রাখেন! বড় রায় সুপ্রিম কোর্টের
জানিয়ে রাখি, সাধারণত ৫জি-এর থেকে ৫জি++ ভালো কাজ করে, কিন্তু এটা ইন্টারনেটের গতি বাড়ানোর বদলে কমিয়েও দিতে পারে। ৫জি++ ফোনে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড একত্রিত করে। যদি, তার মধ্যে একটি দ্রুত এবং অন্যটি ধীরগতির হয়, তাহলে গতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একাধিক সিগনাল প্রসেস করার ফলে ফোন গরম হয়ে যেতে পারে।










