সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি পোস্ট অফিসে (India Post) টাকা লেনদেন করে থাকেন বা কোনও সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তাহলে, এখনই সাবধান হন। কারণ, প্যান কার্ড (PAN Card) সংক্রান্ত এবার দুটি বড় নিয়ম বদল করছে ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্টের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্যান কার্ড ছাড়া পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া বা সেখান থেকে টাকা তোলা আর সম্ভব হবে না। আয়কর আইন ২০২৬ এর নতুন বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
কেন এই নিয়ম বদল?
আসলে আয়কর আইন ২০২৬ এর ১৬৯, ১৬০, ১৬১, ২১১ এবং ২৩৭ নম্বর ধারার আওতায় এই পরিবর্তনগুলি কার্যকর করা হয়েছে। এর মূল উদ্দেশ্যগুলি হল পোস্ট অফিসের মাধ্যমে হওয়া সমস্ত বড় বড় অংকের লেনদেনে স্বচ্ছতা নিয়ে আসা, পোস্ট অফিসের সেভিংস নেটওয়ার্কের উপর কড়া নজরদারি চালিয়ে কর ফাঁকি রোধ করা এবং স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট কিংবা অন্যান্য স্কিমে কালো টাকা বিনিয়োগ বন্ধ করা।
যদি কোনও গ্রাহকের প্যান কার্ড না থাকে, তাহলে লেনদেনের জন্য তাকে বিকল্প কিছু কঠিন শর্তও পূরণ করতে হবে। প্রথমত, ৯৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। এতদিন প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ জমা দিতে হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টাকা জমা দেওয়ার জন্য ফর্ম ৯৭ পূরণ করতে হবে। আর সেই ফর্মের সাথে আমানতকারীর নাম, ঠিকানা, লেনদেনের ধরন, পরিচয় যাচাইকরণের সমস্ত ডকুমেন্ট দিতে হবে। যাতে PAN নম্বর ছাড়া করা লেনদেন করের আওতায় নিয়ে আসা যায়।
আরও পড়ুন: রবিবার বন্ধ না খোলা বিদ্যাসাগর সেতু? নতুন বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের
তবে প্রবীণ নাগরিক এবং সাধারণ করদাতাদের জন্য একটি বিরাট পরিবর্তন আনা হচ্ছে ফর্ম জমার ক্ষেত্রে। সেক্ষেত্রে আগে পোস্ট অফিসের সুদের উপর টিডিএস কাটা বন্ধ করতে ফর্ম ১৫জি এবং প্রবীণ নাগরিকদের জন্য ফরম ১৫এইচ জমা দিতে হতো। তবে এখন থেকে ফর্ম ১২১ জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী ১৫জি এবং ১৫এইচ ফর্মের দিন শেষ।










