বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার বন্ধ রাখা হচ্ছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক পুলিশের তরফে দেওয়া হয়েছিল, তা এবার প্রত্যাহার করে নেওয়া হল। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ রবিবার গোটাদিনই খোলা থাকবে দ্বিতীয় হুগলী সেতু। গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন কলকাতা পুলিশের ডিসিপি। একই সাথে, যত দ্রুত সম্ভব এই নোটিস সংশ্লিষ্ট প্রত্যেক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হঠাৎ কেন সিদ্ধান্ত প্রত্যাহার করল ট্রাফিক পুলিশ?
গতকাল অর্থাৎ শুক্রবার সকাল সকাল, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা একটি বিজ্ঞপ্তি জারি করে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, 17 মে অর্থাৎ রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুর একাধিক অংশে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হবে। মূলত সে কারণেই একটানা 16 ঘন্টা সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। এর ফলে গাড়িগুলি কোন পথ দিয়ে ঘুরে গন্তব্যে পৌঁছবে সেই দিক নির্দেশিকাও দেওয়া হয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।
তবে এই বিজ্ঞপ্তি জারি করার কিছু ঘণ্টার মধ্যেই শুক্রবার রাতে সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা ট্রাফিক পুলিশ। তাতে একেবারে পরিষ্কার করে জানানো হয়েছে, রবিবার বিদ্যাসাগর সেতুতে যে কাজ হওয়ার ছিল সেই কাজ হচ্ছে না। সে কারণে ওই দিন অযথা যান চলাচল বন্ধ করার কোনও কারণ নেই। তাই আর পাঁচটা সাধারণ দিনের মতোই এদিনও সকাল থেকে সারাদিন-রাত ব্রিজে গাড়ি চলাচল করতে পারবে।
অবশ্যই পড়ুন: আজ KKR-র হয়ে মাঠে নামতেই IPL-র প্রথম বিদেশি হিসেবে ইতিহাস গড়বেন সুনীল নারিন
প্রসঙ্গত, শুক্রবার রাতে কলকাতা পুলিশের ডিসিপি নতুন বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট নোটিসটি সমস্ত কর্তৃপক্ষের কাছে দ্রুততার সাথে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সাথে তিনি এও বলেন, রবিবার যাতে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচলে কোনও সমস্যা না হয় এবং কোথাও যাতে সমন্বয়ে কোনও কমতি না থাকে তা নিশ্চিত করতে হবে কলকাতার ট্রাফিক পুলিশকে।










