সৌভিক মুখার্জী, কলকাতা: প্রচন্ড গরমে নাভিশ্বাস গোটা বাংলা। বাইরে বেরোনো তো দায়, ঘরে টেকাও এখন দুষ্কর। ফ্যানের হাওয়াও গুমোট গরম। এসি ছাড়া এক বিন্দু থাকা যাচ্ছে না। তবে এসি লাগালেই তো হবে না। মাস শেষে বিদ্যুতের বিল নিয়েও চিন্তা-ভাবনা করতে হবে। আর এখানেই বাজিমাত করতে পারে কেন্দ্রের প্রকল্প (Free Electricity)। কারণ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়িত হবে। আর এখানেই মুশকিল আসান হতে পারে পিএম সূর্যঘর যোজনা (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana)।
বিনা খরচেই চালাতে পারবেন এসি
আসলে পিএম সূর্যঘর যোজনা প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল—সরকারের সহযোগিতার মাধ্যমেই বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো যাবে। এতে নিজের খরচ হবে নামমাত্র। আর বিদ্যুতের বিলের চাপও থাকবে না। এই সরকারি স্কিমের আওতায় আসলে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এমনকি এখানে নাম নথিভুক্ত করলে সরকারি ভর্তুকিও মেলে। বর্তমানে দেশের ২৬ লাখের বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এমনকি এই সোলার প্যানেল বসালে ২৫ বছর পর্যন্ত স্বস্তি পাওয়া যায়।
কত খরচ হয় সোলার প্যানেল বসাতে?
যদি আপনি সরকারের সুবিধা ছাড়া সোলার প্যানেল বসাতে চান, তাহলে প্রতি কিলোওয়াটে ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। তবে পিএম সূর্যঘর যোজনার আওতায় সরকার নিজে ৪০ থেকে ৬০ শতাংশ খরচ বহন করে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। ১ কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য ৩০ হাজার, টাকা ২ কিলোওয়াট বসানোর জন্য ৬০ হাজার টাকা আর ৩ কিলোওয়াট কিংবা তার থেকে বড় সোলার প্যানেল বসালে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত মিলবে। আর যদি একবার সোলার প্যানেল বসাতে পারেন, তাহলে ঘরে ইলেকট্রিক বিল তো আসবেই না। এমনকি এসি, ফ্রিজ কুলার নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: গরমকে টাটা! কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ১০ জেলায়, আজকের আবহাওয়া
কীভাবে আবেদন করবেন?
পিএম সূর্যঘর যোজনায় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে https://pmsuryaghar.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর হোমপেজে ‘Apply for Rooftop Solar’ অপশনটিতে ক্লিক করুন।
- এবার নতুন যে পেজ খুলবে, সেখানে রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থা নির্বাচন করতে হবে।
- এবার বিদ্যুতের গ্রাহক নম্বর, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ইনপুট করতে হবে।
- তারপর নতুন ফর্মে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আরটিএস প্যানেলের জন্য আবেদন করতে হবে।
- এরপর ডিসকম রেজিস্টারে কোনও বিক্রেতার কাছ থেকে সোলার প্যানেল ইনস্টল করিয়ে নিতে হবে।
- ইনস্টল হয়ে গেলে প্ল্যান্টের বিবরণসহ নেট মিটারের জন্য আবেদন করতে হবে।
- এটি করলেই মিটার বসানো আর ডিসকম পরিদর্শনের পর কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে।
- তারপর পোর্টালের মাধ্যমে ব্যাঙ্কের বিবরণ আর বাতিল করা চেক জমা দিতে হবে। সেখানে ভর্তুকির টাকা জমা করা হবে।










