১ জুন থেকেই বদলে যাচ্ছে LPG সংক্রান্ত একাধিক নিয়ম

Published:

Gas Cylinder

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বাড়িতে ইন্ডেন, ভারত গ্যাস কিংবা এইচপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকেন (LPG Cylinder)? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, আগামী ১ জুন থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের বুকিং, ডেলিভারি থেকে শুরু করে একাধিক নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার (Government of India)। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি দাবি, এলপিজি সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবং গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে এই সিদ্ধান্ত। চলুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে।

আকাশছোঁয়া সিলিন্ডারের দাম

উল্লেখ্য, বিশ্ব বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে গত মার্চ ও এপ্রিল মাসের পর মে মাসেও কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের প্রধান প্রধান শহরগুলিতে ধরাছোঁয়ার বাইরে গ্যাসের দাম। কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১১৪৭ টাকা বেড়ে ৩৩৫৫ টাকায় দাঁড়িয়েছে। দিল্লিতে এই রেট ৩০৭১ টাকা, মুম্বাইতে ৩০৪৬ টাকা আর চেন্নাইতে ৩২৫৯ টাকা। অনুমান করা হচ্ছে, আগামী মাসেও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়তে পারে।

এদিকে সরকার এবার দেশজুড়ে ওয়ান হাউসহোল্ড ওয়ান কানেকশন নীতি কঠোরভাবে প্রয়োগ করতে চলেছে। তেল বিপণনকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এরকম গ্রাহকদের চিহ্নিত করতে শুরু করেছে যাদের বাড়িতে একই সঙ্গে এলপিজি এবং পিএনজি সংযোগ রয়েছে। এমন গ্রাহকদের এলপিজি কানেকশন সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে।

পিএনজি নিয়ে নতুন নিয়ম

এদিকে যে সমস্ত এলাকায় ইতিমধ্যেই পিএনজি গ্যাসের পাইপলাইন সম্পূর্ণ যুক্ত হয়েছে। সেখানে বসবাসকারী গ্রাহকদের জন্য দেওয়া তিন মাসের বিশেষ সময়সীমা আগামী জুন মাসে শেষ হচ্ছে। তাই যদি আপনার এলাকায় পাইপলাইন গ্যাসের সুবিধা থাকা সত্ত্বেও আপনি সিলিন্ডার ব্যবহার চালিয়ে যান, তাহলে ১ জুনের পর আপনার এলপিজি কানেকশন স্বয়ংক্রিয় ভাবেই কেটে নেওয়া হবে। আর সেই সিলিন্ডারগুলি এমন এলাকায় পাঠানো হবে যেখানে এখনও পর্যন্ত পাইপলাইন গ্যাসের সুবিধা পৌঁছয়নি।

আরও পড়ুন: লক্ষ্মীবারেও কালবৈশাখীর দাপট, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

ওটিপি ছাড়া বন্ধ ডেলিভারি

গ্যাস সিলিন্ডার চুরি এবং অবৈধ রিফিলিং ও কালোবাজারি রুখতে ওটিপি ভিত্তিক ডেলিভারি প্রথা এবার ১০০ শতাংশ বাধ্যতামূলক করা হচ্ছে। মোবাইল নম্বরে আসা ওটিপি ডেলিভারি বয়কে না দিলে আপনি আর সেই সিলিন্ডার পাবেন না। এমনকি রিফিলিংয়ের ক্ষেত্রে লকিং পিরিয়ড মনিটর করা হবে। সেক্ষেত্রে শহর অঞ্চলের জন্য ২৫ দিন আর গ্রামাঞ্চলের জন্য ৪৫ দিন। এই নির্দিষ্ট সময়ের আগে সিলিন্ডার বুক করতে পারবেন না।

পাশাপাশি অনলাইন পরিষেবাকে আরও মসৃণ করতে ডিজিটাল বুকিং এর উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ গ্যাস বুকিং অনলাইনেই হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা এবং যে সমস্ত সাধারণ গ্রাহকের ভেরিফিকেশন এখনও পর্যন্ত বাকি রয়েছে, তাদের আধার কার্ডের সাহায্যে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে।