প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ভ্যাপসা গরম থেকে মিলেছে খানিক নিস্তার। কালবৈশাখীর দাপটে আগামীকাল থেকে (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে চলেছে বলে বড় আশ্বাস দিলে হাওয়া অফিস। বিগত কয়েকদিন ধরেই তীব্র গরমের জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। কিন্তু এবার বৃষ্টির দৌলতে ভিজতে চলেছে বাংলার মাটি। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি (Rain)। উত্তাল হতে পারে সমু্দ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। রোদের তেজ বেশি থাকলেও বেলা বাড়তে না বাড়তেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকেলের দিকে পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরম থেকে নিস্তার পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কালবৈশাখীর দাপট চলবে আগামী রবিবার পর্যন্ত।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, কলকাতা সহ আশেপাশের এলাকায় সকাল থেকেই রোদের তেজ থাকবে। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে। যদিও বিকেল হতেই বদলে যাবে আবহাওয়া। আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও উত্তাল হতে পারে সমুদ্র, তাই আজ ও আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারে গুনতে হবে টাকা! কত? জানাল মেটা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। তবে শনিবার ও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










