সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন গরমের (Summer) দাপট যেন বেড়েই চলেছে। বাইরে রোদ্দুরে টেকা তো দুষ্কর। এমনকি ঘরের ভেতরেও মনে হচ্ছে আগুনের ঝলকানি বেরোচ্ছে। গুমোট গরমে নাজেহাল সাধারণ মানুষ। ফ্যানের হাওয়াও কাজ করছে না। এমতাবস্থায় অনেকেই ভাবছেন যে এসি নিয়ে নেবেন। কিন্তু বিদ্যুতের বিলের কথা ভেবে আবার পিছিয়ে আসছেন। তবে চিন্তার কোনও কারণ নেই। আজ এমন কিছু ট্রিক্স বলবো, যেগুলি মানলে এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল (Room Cooling Tips)।
ঘরে রাখুন গাছ
যদি ঘরে গাছ রাখতে পারেন, তাহলে অনেকটাই ইতিবাচক ফলাফল পাবেন। এটি শুধুমাত্র ঘর ঠান্ডা করবে না, বরং ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে কাজে লাগবে। বিশেষ করে ঘরের ভেতর যেখানে সূর্যের আলো আসে না, সেখানে আপনি ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। আর বারান্দার দিকে এই গাছগুলি রাখলে আরও ভালো হবে। সেক্ষেত্রে অ্যালোভেরা, বোস্টন ফার্ন, স্নেক প্ল্যান্ট, পথোস ইত্যাদি গাছ বেছে নিতে পারেন।
মেঝেতে শোয়ার অভ্যাস
অতিরিক্ত গরমে সাধারণত সিলিং থেকে দূরে শুলে ভালো ফলাফল পাওয়া যায়। কারণ, খাটের উপর এমনিতেই গরম থাকে। তবে মেঝে যদি একটু হালকাভাবে ঠান্ডা জল দিয়ে মুছে নিতে পারেন, তাহলে গরম কম লাগবে এবং গরমের সময় বেশ আরাম অনুভূত হবে।
ঘুমানোর আগে বেডশিট রাখুন ফ্রিজে
ঘুমানোর আগে আপনি আপনার বিছানার চাদর বা বেডশিট যদি ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রাখতে পারেন তাহলে কেল্লাফতে। এতে ভীষণ ইতিবাচক ফলাফল পাবেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এতে বিছানা পুরো ঠান্ডা হয়ে যাবে এবং গরমের ভাব অনেকটাই কমবে। বিশেষ করে বিছানার জন্য সুতির চাঁদর ব্যবহার করলে ভালো ফলাফল মিলবে।
বিদ্যুৎ সাশ্রয় যন্ত্রপাতি ব্যবহার
যে সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে, সেগুলি ব্যবহার এড়িয়ে চলুন। গরমকালে বিশেষ করে ফিলামেন্ট বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করুন। এতে ঘর একদমই গরম হবে না এবং বিদ্যুতের বিলও কম হবে। পাশাপাশি গরমের মধ্যে ওয়াশিং মেশিন বা অন্যান্য ভারী জিনিস ব্যবহার করা এড়িয়ে চলুন।
জানলার সামনে ভেজা চাদর মেলে দিন
দিনের বেলা ঘরের তাপমাত্রা সহজে কমাতে হলে জানালার সামনে একটি ভেজা চাদর মেলে দিতে পারেন। এতে জানলা দিয়ে যে বাতাস আসবে, সেটি ঠান্ডা হয়েই ভিতরে ঢুকবে। ফলে ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল।
জানলা খোলা রাখুন
দেখুন, দিনের থেকে রাতের বাতাস ঠান্ডা থাকে। তাই রাতের বেলা সবসময় যদি জানলা খুলে শোন, তাহলে বেশ ইতিবাচক ফলাফল পাবেন। ঘরের গুমোট গরম অনেকটাই কাটবে এবং বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস ঘরকে ঠান্ডা রাখবে।
টেবিল ফ্যান জানালার দিকে ঘুরিয়ে রাখুন
শুনতে আজব লাগলেও এটাই সত্যি। ঘরের গরম বাতাস বের করে দেওয়ার জন্য স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানটিকে জানালার দিকে ঘুরিয়ে রেখে দিন। এতে খুব ভালো ফলাফল পাবেন। বিশেষ করে ফ্যানের বাতাসের চাপে ঘরের গরম বাতাস জালনা দিয়ে বের হয়ে যাবে এবং ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করবে।
দুপুরে বন্ধ রাখুন জানলা
দিনের বেলা জানালা দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করলে ঘর এমনিতেই অনেকটাই গরম হয়ে যায়। তাই দুপুরের দিকে ঘরের দরজা জানালা বন্ধ রাখার চেষ্টা করুন। তাহলে সূর্যের তাপ কম আসবে এবং ঘর কম গরম হবে। বিশেষ করে জানলায় পর্দা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: বিলি করতেন পেপার, আজ ৩ কোটির ব্যবসার মালিক! কলকাতার ২ যুবকের গল্প প্রেরণা দেবে
টেবিল ফ্যানের সামনে দিন বরফ
যদি আপনি আপনার টেবিল ফ্যানের সামনে এক গামলা বরফ বা ঠান্ডা জল রাখতে পারেন, তাহলে খুব ভালো ফলাফল মিলবে। কারণ, বরফে হাওয়া লাগলে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই ঘরে এসির মতো ঠান্ডা অনুভূত হবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই কাজ করতে পারেন।
ঘরে আসবাবপত্র কম রাখুন
ঘরে যত আসবাবপত্র বেশি রাখবেন, তত ঘর গরম এবং অস্বস্তিকর হয়ে ওঠে। তাই ঘর সবসময় ফাঁকা রাখার চেষ্টা করুন এবং হালকা জিনিস ব্যবহার করুন। এতে সব সময় আলো বাতাস চলাচল করতে পারবে এবং ঘর ঠান্ডা থাকবে।










