মহিষ চড়ানো থেকে IAS হওয়ার সফর, হার না মানার জেদের অপর নাম বনমতী

Published:

C Vanmathi

অনন্যা সরকার, কলকাতা: কথায় বলে যে হার মানতে শেখেনি, সেই স্বপ্ন পূরণ করতে পারে। তামিলনাড়ুর আইএএস (Indian Administrative Service) অফিসার সি বনমতী (C Vanmathi) তারই এক জলজ্যান্ত প্রমাণ। সাধারণ পরিবার থেকে উঠে আসা বনমতী ছোটবেলা থেকে আর্থিক অসচ্ছলতা, বাধা বিঘ্ন ও সামাজিক চাপের সাথে লড়াই করে ভারতের অন্যতম কঠিন ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে নবীন প্রজন্মের লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন। আসুন জেনে নিই আইএএস অফিসার সি বনমতীর সাফল্যের কাহিনী (Success Story of C Vanmathi)।

ছোটবেলার সংঘর্ষ পেরিয়ে সফল আমলা হওয়ার সফর

ভিডিও সাক্ষাৎকারে সি বনমতী জানান, তার শৈশব খুবই সাধারণভাবে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে কেটেছে। সংসারে অভাব অনটন কম ছিল না। বাবা ছিলেন ট্যাক্সি ড্রাইভার। বাড়তি উপার্জনের জন্য ছোটবেলা থেকে মহিষ চড়াতেন বনমতী। তবে অভাবের সংসার হওয়া সত্ত্বেও তার বাবা-মা মেয়ের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন বরাবর। বনমতীও কঠোর পরিশ্রম আর পড়াশোনা একইসাথে করে গিয়েছেন।  

আরেকটু বড় হতেই আত্মীয় পরিজনেরা বনমতীর বিয়ে দেওয়ার জন্য তার মা-বাবাকে জোর দিতে শুরু করে। কিন্তু সেই সমস্ত চাপকে উপেক্ষা করে স্নাতকোত্তর পাস করেন তিনি। তার এলাকার এক মহিলা কালেক্টর ও ‘গঙ্গা যমুনা সরস্বতী’ টিভি সিরিয়ালটি তাকে আইএএস অফিসার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। সেখান থেকেই দেশের সেবা করার সংকল্প নেন বনমতী। 

আরও পড়ুনঃ মুখে-কাঁধে গুলি খেয়েও নিকেশ করেন জঙ্গি, ল্যান্স নায়েক মিনাতচি ভূষিত হলেন কীর্তি চক্রে

ইউপিএসসি পরীক্ষার পথও মোটেই মসৃণ ছিল না তার জন্য। তিন-তিনটি অ্যাটেম্পটে ফেল করেও হাল ছাড়েননি বনমতী। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় ২০১৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ১৫২ র‍্যাঙ্ক করে আইএএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বর্তমানে মহারাষ্ট্র ক্যাডারে রয়েছেন এবং রাজ্য কর বিভাগের যুগ্ম কমিশনার (এনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। তার এই সাফল্যের কাহিনী প্রমাণ করে কঠোর পরিশ্রম, মনোবল ও হার না মানার জেদ থাকলে জীবনে সবকিছু অর্জন করা যায়।