প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার মসনদে বসতে না বসতেই ভয়ংকর হামলার ছক! জানা গিয়েছে নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আল-কায়দা জঙ্গি সংগঠনের নাম করে আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল (Threating Mail) পাঠানো হয়েছিল ভবানীপুর থানায়। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। এদিকে গোটা ঘটনায় প্রশাসন হস্তক্ষেপ করতেই অবশেষে গতকাল কলকাতার গার্ডেনরিচ (Garden Reach) এলাকা থেকে গ্রেফতার করা হল এক যুবককে।
শুভেন্দু অধিকারীকে হত্যা করার হুমকি মেইল
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত ১৪ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ভবানীপুর থানায় আল-কায়দা জঙ্গি সংগঠনের নাম করে একটি হুমকি ইমেল আসে। যেখানে দাবি করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে সুইসাইড বোমার বিস্ফোরণ ঘটানো হবে। এরপরই ঘটনার গুরুত্ব বিবেচনা করে লালবাজারের সাইবার ক্রাইম শাখা ও স্থানীয় থানা যৌথভাবে তদন্তে নামে। শেষে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, হুমকি বার্তাটি কলকাতার গার্ডেনরিচ এলাকা থেকে পাঠানো হয়েছিল। এরপরই সেখান থেকে হাসনেন আলি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার এক যুবক
গতকাল, শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, জেরায় এই হুমকি মেলের কথা স্বীকার করেছেন হাসনেন আলি নামের ধৃত যুবক। জেরায় তিনি জানিয়েছেন যে, এক মহিলার সঙ্গে শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন যুবক। প্রতিশোধ নিতেই ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল করেন তিনি। যদিও ধৃত ব্যক্তি কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যুক্ত নাকি শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের জন্য আল-কায়দার নাম ব্যবহার করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: “মহাদেবের লিঙ্গে কন্ডোম পরিয়েছিলেন!” সায়নী, জীতুর বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই মধ্যমগ্রামের দোহারিয়াতে গুলি করে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। যা নিয়ে এখনও তদন্ত চলছে জোর কদমে। এই অবস্থায় রাজ্যজুড়ে যখন থমথমে পরিবেশ, সেই সময় রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই ধরণের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় চিন্তিত রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্ন ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।










