সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের আটবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী। সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা তথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রাম গোবিন্দ চৌধুরী (Ram Govind Chaudhary) শুক্রবার লখনৌয়ের এসজিপিজিআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাত ন’টার দিকে প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
প্রয়াত রাজ্যের বর্ষীয়ান নেতা
রাম গোবিন্দ চৌধুরী ১৯৪৬ সালের ৯ জুলাই বল্লিয়া জেলার গোসাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মতো প্রবীণ নেতাদের হাত ধরেই তিনি রাজনীতির মঞ্চে পা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সমাজবাদী পার্টির হয়ে ৮ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই বর্ষীয়ান নেতা। সমাজবাদী পার্টিতে তিনি একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবেও পরিচিত ছিলেন। মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সরকারে তিনি প্রাথমিক শিক্ষা, শিশু বিকাশ, পুষ্টি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো বিভাগে মন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। প্রথমে তিনি জেলার প্রখ্যাত মুরলি মনোহর টাউন ডিগ্রি কলেজে ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে চিলখার বিধানসভা আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক হন। এরপর তিনি বাঁশডিহ বিধানসভা কেন্দ্র থেকে ৭ বার বিধায়ক নির্বাচিত হয়ে রাজনৈতিক মহলে আরও শক্তিশালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
समाजवादी पार्टी के वरिष्ठ नेता, पूर्व नेता प्रतिपक्ष श्री राम गोविंद चौधरी जी का निधन, अत्यंत दुःखद !
ईश्वर उनकी आत्मा को शांति प्रदान करें।
शोकाकुल परिजनों को यह असीम दुःख सहने का संबल प्राप्त हो।
भावपूर्ण श्रद्धांजलि ! pic.twitter.com/8GeCP8UcpT
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 25, 2026
আরও পড়ুন: ২ অক্টোবর থেকেই রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির, আপনার এলাকায় কোথায় বসবে দেখে নিন
সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই তিনি পরিচিত। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন অখিলেশ সহ অন্যান্য প্রবীণ নেতারা। তাঁদের কথায়, সমাজবাদী আদর্শকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর মৃত্যু উত্তরপ্রদেশের রাজনীতিতে এক বিরল শূন্যতা সৃষ্টি করল। এমনকি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করে লিখেছেন, “উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন মন্ত্রী শ্রী রাম গোবিন্দ চৌধুরীজির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর আত্মার মোক্ষ দান করেন এবং শোকতপ্ত পরিবারের সদস্যদের এই অশেষ দুঃখ সহ্য করার শক্তি দেন। ওম শান্তি।”










