বিদেশে যেতে পারবেন না অভিষেক, অমিত শাহকে হুমকি মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক জটিলতার মাঝে খানিক স্বস্তি! হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, বৃহস্পতিবার হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে বলে জানা গিয়েছে। তবে এর জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত। জানিয়ে দেওয়া হয়েছে কবে হবে মামলার পরবর্তী শুনানি।

FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

উল্লেখ্য, ২৬ এর বিধানসভা নির্বাচনে আগে গত ২৭ এপ্রিল আরামবাগে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে আক্রমণ করেছিলেন। জনসমক্ষে বলেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।” তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছিল FIR। জানা গিয়েছে, বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় গত ১৫ মে দুপুরে তাঁর বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছিল। এবার তাই সেই FIR খারিজের আবেদন নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন।

তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

রিপোর্ট অনুযায়ী, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের FIR খারিজের মামলার শুনানি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। জানা গিয়েছে, সেই বিতর্কিত মন্তব্য শুনে অভিষেকের উপর বেজায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, “৪ তারিখ যদি ভোটের ফল অন্য হত, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত।” আদালত জানতে চায়, ওই ধরনের মন্তব্যের প্রয়োজনীয়তা কোথায় ছিল। এরপরই অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে অন্য নেতারাও কড়া মন্তব্য করে থাকেন। এরপরই আদালত স্পষ্ট জানায় যে, রাজনৈতিক বক্তব্যের একটি দায়িত্বশীল সীমারেখা থাকা প্রয়োজন।

আরও পড়ুন: পরনে শাড়ি, কলকাতা থেকে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টে জয় বাঙালি কন্যার

বেঁধে দেওয়া হল শর্ত

হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়ে বিরক্ত থাকলেও আপাতত অভিষেককে ৩০ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে তদন্তকারী সংস্থা ডাকলে তাঁকে সশরীরে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। শুধু তাই নয় আদালতের তরফে জানানো হয়েছে, হাইকোর্টে অনুমতি ছাড়া তিনি বিদেশ সফরে যেতে পারবেন না। এছাড়াও অভিষেককে তলব করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত এই নির্দেশের ফলে কিছুটা আইনি স্বস্তি পেয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।